নিউজ পোল ব্যুরো: ভারতে রয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সোমবারে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। অন্যদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ভারত ও চিনের মধ্যে বিশেষ প্রতিনিধিদের আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে একাধিক ক্ষেত্রে উভয় দেশের প্রচেষ্টা সঠিক দিকে এগিয়ে চলেছে। তবে এর মধ্যেই রয়েছে কিন্তু। ভারতের সঙ্গে চিনের (India-China) সম্পর্ক মজবুত হওয়ার দিকে এগিয়ে চললেও নয়াদিল্লির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়াং ই আসন্ন পাকিস্তান সফর।
ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার পথে এগালেও পাকিস্তানের সাথে চিনের ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। কারণ ভারত সফর শেষ করার পরেই ওয়াং ই ২১ আগস্ট ইসলামাবাদে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এই সাক্ষাৎ হতে চলেছে দিল্লিতে অজিত ডোভাল, জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পরপরই। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে পাকিস্তান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে লেখা ছিল, “উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী, সিনেটর মোহাম্মদ ইসহাক দার, চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াং ই ২১ আগস্ট, ২০২৫ তারিখে ষষ্ঠ পাকিস্তান-চীন পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপের সহ-সভাপতিত্বের জন্য ইসলামাবাদ সফর করছেন।”
যদিও ইসলামাবাদ বলেছে এই সফর “পাকিস্তান ও চিনের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের আদান-প্রদানের অংশ যা তাদের ‘সর্ব-আবহাওয়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করতে, নিজ নিজ মূল স্বার্থের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করতে এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি জোরদার করতে করা হয়।” তবে তা সত্বেও ভারতের মাথাব্যাথা থেকেই যাচ্ছে কারন অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল চিন। সম্প্রতি, সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং অভিযোগ করেছেন যে চিন অভিযানের সময় ভারতীয় সামরিক সম্পদ সম্পর্কে পাকিস্তানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। তিনি আরও বলেছেন যে “পাকিস্তানের সামরিক সরঞ্জামের ৮১ শতাংশ চিনা” এবং বেইজিং ইসলামাবাদকে পূর্ণ সহায়তা দিচ্ছে। ওয়াং ই দিল্লিতে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার সময়েই পাকিস্তান তাঁকে ইসলামাবাদে আতিথেয়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা চিনের সঙ্গে পাকিস্তানের গভীর কৌশলগত সম্পর্কের উপর জোর দেয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
