নিউজ পোল ব্যুরো: দীর্ঘ ১২ বছর পর সারদা চিটফান্ড (Saradha Scam) মামলায় প্রথমবার আদালতের রায় এল সুদীপ্ত সেন (Sudipta Sen) ও দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) পক্ষে। মঙ্গলবার কলকাতার ১১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনটি মামলায় তাদের সম্পূর্ণ বেকসুর খালাস ঘোষণা করেছে। যদিও এই রায় সাময়িক স্বস্তি দিয়েছে দুই অভিযুক্তকে, কিন্তু জেলের গেট পেরনোর সুযোগ এখনও মিলছে না।
২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের শোনমার্গ থেকে গ্রেফতার হয়েছিলেন সারদা (Saradha Scam) গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee)। তারপর থেকে কারাবাসই তাদের বাস্তব। সারদা অর্থলগ্নি প্রকল্পে বিপুল আর্থিক প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গ সরকার হেয়ার স্ট্রিট থানায় একাধিক মামলা দায়ের করে। এই মামলাগুলোর মধ্যে তিনটি মামলায় মঙ্গলবার বিচারক নিধিশ্রী রায়দান করেন। রাষ্ট্রপক্ষের ৫০ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৫ জনের সাক্ষ্যে প্রতারণার অভিযোগ প্রমাণ না হওয়ায়, বিচারক দুজনকেই বেকসুর খালাস দেন।
তবে এখনই মুক্তি পাচ্ছেন না সুদীপ্ত ও দেবযানী। তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা মোট ২৫০টি মামলা রয়েছে, যার মধ্যে ২১৪টি মামলায় জামিন মিললেও, বাকি মামলাগুলোতে এখনও জামিন মেলেনি। ফলে এই মামলায় খালাস পেলেও, তাঁদের জেল হেফাজতে থাকার সময় এখনও শেষ হয়নি। বর্তমানে দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে এবং সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে।
জেলবন্দি অবস্থাতেই একসময় সুদীপ্ত সেন নিজের ঘনিষ্ঠ সঙ্গী দেবযানীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছিলেন, জোর করে টাকা নেওয়ার। যা এই মামলার মোড় ঘোরানোর অন্যতম কারণ হয়ে উঠেছিল এক সময়। এই রায় সারদা মামলায় (Saradha Scam) এক নতুন অধ্যায়ের সূচনা করলেও, চূড়ান্ত নিষ্পত্তি থেকে এখনও বহু দূর পথ বাকি। আর সেই পথেই হাঁটছেন সুদীপ্ত ও দেবযানী— ১২ বছরের অন্ধকার পিছনে ফেলে মুক্তির আশায়, কিন্তু এখনও বন্দিত্বের জালে জড়িয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
