Abhishek Banerjee: ‘যে কোনও মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা ‘, শাহের পেশ করা বিল নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক

Uncategorized

নিউজ পোল ব্যুরো: বুধবার লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫ এই তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের অপসারণ বিল’ প্রসঙ্গে আগেই এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সাংবাদিক বৈঠক করে এই বিলের বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, “এসআইআর থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে।”

বিল পেশ করার পরেই বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কাপুরুষ বলে খোঁচা দিয়েছেন অভিষেক বলেছেন, “কাপুরুষের মত ২০ জন মার্শাল নিয়ে বিল পেশ করেছেন শাহ।” অভিষেক সাংবাদিক বৈঠক করে বলেছেন, এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়। শুধু যে কোনও মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে।” অভিষেকের বক্তব্য, “এই বিলে কাউকে রাজনৈতিক শত্রুতায় গ্রাফতার করা হলে তিনি আর আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও পাবেন না।” অভিষেকের সাফ কথা, “তাহলে তো কোর্টের কোনও দরকার নেই। বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। বিজেপি বলবে, বিরোধীরা ভয় পাচ্ছে। তৃণমূল ভয় পেলে বাড়িতে বসে থাকত। আমরা ইডি-সিবিআইকে তোয়াক্কা করি না।”

আরও পড়ুন: Bill To Remove PM-Chief Ministers: ৩০ দিনের জেলে বাদ মন্ত্রিত্ব বিল নিয়ে সরব মমতা, কেন্দ্রকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

বিল পেশ প্রসঙ্গে শর্ত বেঁধে দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক। বলেছেন, “৩১ দিনে পদত্যগ করতে হবে কেন? আমি চ্যালেঞ্জ করছি। সময়টা কমিয়ে ১৫ দিন করুন, আমরা সাপোর্ট করব। কিন্তু শর্ত থাকবে, দোষ প্রমাণিত না হলে তদন্তকারী অফিসারকে দ্বিগুণ সময় জেলে থাকতে হবে।” অভিষেকের আরও দাবি, ” “এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়। কৃষকের স্বার্থ নিয়ে এরা চিন্তা করে না। সীমান্ত সমস্যা নিয়েও এরা ভাবে না। জঙ্গি হামলা সামলাবে কী করে, তাও এরা ভাবে না। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার অলিন্দে থাকার চেষ্টাই এদের মূল লক্ষ্য।” প্রসঙ্গত, শাহের প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি কেউ জেলে থাকেন তাহলে তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীই হন না কেন তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। এই বিল নিয়েই বিরোধীরা সুর চড়িয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole