Leg Cramps: পায়ে হঠাৎ টান ধরা শুধুই কি ক্লান্তি! নাকি রোগের সিগন্যাল?

অফবিট স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো:অনেকেই অভিযোগ করেন রাতে ঘুমোতে গেলে হঠাৎ পায়ের শিরা বা মাংসপেশিতে টান ধরে যায়। যাকে চিকিৎসা বিজ্ঞানে নকটার্নাল লেগ ক্র্যাম্পস(Leg Cramps) বলা হয়। অনেক সময় এটি সাময়িক ও ক্ষতিকর না হলেও, মাঝে মাঝে গুরুতর রোগের পূর্বাভাসও হতে পারে।রাতে পায়ে টান ধরার সাধারণ কারণগুলির মধ্যে অন্যতম হলো রক্ত সঞ্চালনে সমস্যা। শিরায় রক্ত চলাচল সঠিক না হলে মাংসপেশিতে চাপ পড়ে এবং টান ধরে।

শরীরে ইলেক্ট্রোলাইট ঘাটতি বিশেষত পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব, পেশি ও স্নায়ুর কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে ঘন ঘন ক্র্যাম্প(Cramps)হয়। এছাড়া ডিহাইড্রেশন বা শরীরে জলের ঘাটতি থাকলেও শিরা ও পেশি শক্ত হয়ে যায়। বয়স বৃদ্ধির কারণে পেশি দুর্বল হয়ে পড়া এবং সারাদিন অতিরিক্ত দাঁড়িয়ে থাকা বা হাঁটাহাঁটির ফলেও রাতে টান ধরতে পারে।তবে সবসময় এই সমস্যা সাধারণ কারণে হয় না। অনেক সময় এটি গুরুতর রোগেরও লক্ষণ হতে পারে।

আরও পড়ুন: Health And Wellness: সৌন্দর্যের আড়ালে বিপদ! লিপস্টিক কেনার আগে কী দেখবেন

উদাহরণস্বরূপ, ডায়াবেটিসে(Diabetes) স্নায়ু দুর্বল হয়ে পায়ে ঝিনঝিনি ও ব্যথার সঙ্গে টান ধরে। ভ্যারিকোজ ভেইনস বা ফুলে যাওয়া শিরার কারণে রক্ত জমাট বেঁধে শিরায় ব্যথা ও টান হয়। আরও বিপজ্জনক অবস্থা হলো ডিপ ভেইন থ্রম্বোসিস (DVT), যেখানে রক্ত জমাট বাঁধলে হঠাৎ পায়ে ব্যথা, ফোলা ও তীব্র টান দেখা দেয়। এছাড়া পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD)-এর কারণে ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে হাঁটার সময় ও রাতে টান ধরতে পারে। কিছু স্নায়ুরোগ যেমন সায়াটিকা বা নার্ভ কম্প্রেশন থেকেও টান হতে পারে।

এমনকি কিডনির(Kidney) সমস্যা থাকলেও শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে ঘন ঘন ক্র্যাম্প(Cramps)দেখা দেয়।তাই রাতে শোওয়ার সময় পায়ে বারবার টান ধরলে একে হালকাভাবে নিলে চলবে না। যদি সমস্যা নিয়মিত হয় বা ব্যথা ও ফোলা বাড়তে থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক পরীক্ষা-নিরীক্ষা করলেই বোঝা সম্ভব এটি সাধারণ কারণ নাকি গুরুতর রোগের পূর্বাভাস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole