BJP: “নীতিশ-চন্দ্রবাবুকে নিশানায় রেখে বিজেপির নতুন খেলা?” বিতর্কিত বরখাস্ত বিল নিয়ে তেজস্বীর বিস্ফোরক অভিযোগ

দেশ

নিউজ পোল ব্যুরো: জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল কেন্দ্রে বিজেপি (BJP) সরকারের সদ্য উত্থাপিত বিতর্কিত বিল ঘিরে। ‘গুরুতর ফৌজদারি অভিযোগে’ অভিযুক্ত কোনও মন্ত্রী যদি ৩০ দিনের বেশি সময় ধরে জেলে থাকেন, তাহলে তিনি স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত হবেন। এমন বিধান রাখা হয়েছে এই প্রস্তাবিত আইনে। বিরোধীদের মতে, এটি রাজনৈতিক (BJP) প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখার একটি কৌশল ছাড়া আর কিছু নয়।

আরও পড়ুন: Nawsad Siddique: আদালতে তোলা হবে নওশাদ সহ ৯৫ জন ISF কর্মীকে, বিধায়ককে নিয়ে কী বললেন দিলীপ?

আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) এই বিলকে সরাসরি আক্রমণ করে বলেন, “এটি কোনও দুর্নীতিবিরোধী উদ্যোগ নয়, বরং একটি রাজনৈতিক অস্ত্র, যার মাধ্যমে নীতিশ কুমার (Nitish Kumar) ও চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) মতো শরিক নেতাদের ব্ল্যাকমেইল ও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।” তিনি অভিযোগ করেন, বিজেপি (BJP) ইচ্ছাকৃতভাবে এমন আইন আনছে, যা প্রয়োগ করে তারা রাজনৈতিকভাবে অপ্রিয় মুখ্যমন্ত্রীদের। বিশেষ করে শরিক দলের বিরুদ্ধে তদন্ত সংস্থা ইডিকে ব্যবহার করে গ্রেফতার করিয়ে ক্ষমতা দখলের পথ প্রশস্ত করতে চাইছে। তেজস্বী আরও বলেন, “পিএমএলএ-র অধীনে যদি ইডি মামলা করে, জামিন পাওয়া কঠিন। তার মানে, দোষ প্রমাণের আগেই মন্ত্রিত্ব চলে যাবে। এটা ফাঁদ।” তার মতে, এই বিল আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে শরিকদের ‘লাইনে আনতে’ রাজনৈতিক চাপের মাধ্যম।

এই বিষয়ে কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই বিল কার্যকর হলে কাল একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইচ্ছে করে মামলা করে তাকে জেলে পাঠিয়ে সরিয়ে দেওয়া যাবে। এটাই কি গণতন্ত্র?” রাহুল গান্ধী (Rahul Gandhi) আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেন, “দেশ আবার রাজতন্ত্রে ফিরে যাচ্ছে যেখানে রাজা (প্রধানমন্ত্রী) যার মুখ পছন্দ করছেন না, তাকে সরানোর জন্য ইডিকে দিয়ে মামলা করিয়ে ক্ষমতা কেড়ে নিচ্ছেন।” অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেছেন, বিলের উদ্দেশ্য হলো ‘জেল থেকে সরকার চালানো’র অসঙ্গতি দূর করা। তার মতে, জনগণ তাদের যেসব প্রত্যাশা নিয়ে নেতাদের নির্বাচিত করেন, সেই বিশ্বাসের প্রতিফলন এই বিল।

তবে বিশ্লেষকদের মতে, বিলের মাধ্যমে কেন্দ্র বিরোধী রাজ্য সরকারগুলির উপর নজরদারি আরও কঠোর করতে চাইছে। অতীতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) পাঁচ মাস বিচার ছাড়াই জেলে কাটানোর প্রসঙ্গ তুলে বিরোধীরা বলছেন, এই বিল কার্যকর হলে, বিচার শেষ না হতেই একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়া সম্ভব হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole