Sealdah: ভাষা নিয়ে হেনস্থা, মারধরের শিকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

breakingnews কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: শহরের মাঝেই ফের অশান্তি। বুধবার গভীর রাতে শিয়ালদহ (Sealdah) রেলব্রিজের পাদদেশে ঘটল অভাবনীয় ঘটনা। অভিযোগ উঠেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে বাংলাদেশি বলে কটাক্ষ করে বেধড়ক মারধর করেছে এলাকার কিছু হিন্দিভাষী ব্যবসায়ী। ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।জানা গিয়েছে, কারমাইকেল হোস্টেলে থাকা এক বিশ্ববিদ্যালয় ছাত্র ওই রাতে শিয়ালদহ ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকানে যান। সেখানে পণ্যের দাম নিয়ে দোকানদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে ওই ছাত্র হোস্টেলে ফিরে গেলেও কিছু সময়ের মধ্যেই সহপাঠীদের নিয়ে ফের দোকানের সামনে হাজির হন। আর তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় হিন্দিভাষী ব্যবসায়ীরা তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর শুরু করে বলে অভিযোগ (Sealdah) । মুহূর্তের মধ্যেই হাতাহাতি, ধাক্কাধাক্কি গড়ায় বেধড়ক মারপিটে।এই ঘটনায় অন্তত চারজন ছাত্র গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেদিন রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। পরে আহত ছাত্ররা মুচিপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে— ভিনরাজ্যে শ্রমিক বা পড়ুয়াদের প্রায়শই বাংলাদেশি বলে অপমানিত ও আক্রান্ত হতে হচ্ছে। এবার সেই প্রবণতাই কলকাতার বুকে দেখা গেল, যা নিয়ে উদ্বেগ বাড়ছে পড়ুয়া মহলে। শহরের শিক্ষিত তরুণদের উপর এভাবে জাতিগত কটাক্ষ ও শারীরিক হেনস্থা হওয়া নিঃসন্দেহে চিন্তার বিষয়।বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশের দাবি, শুধু ভাষা বা উচ্চারণের কারণে কাউকে বাংলাদেশি তকমা দেওয়া অত্যন্ত অপমানজনক এবং তা বিপজ্জনক প্রবণতা তৈরি করছে। তারা ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। শহরে বাংলাভাষী ছাত্রদের উপর এহেন হামলা নিছক স্থানীয় বিবাদ নাকি এর পেছনে আরও বড় মানসিকতা কাজ করছে— তা নিয়েই উঠছে নানা প্রশ্ন।