নিউজ পোল ব্যুরো: গুরুগ্রামে বিগ বস ওটিটি জয়ী এবং বিতর্কিত ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতে গত সপ্তাহে ঘটে গিয়েছিল চাঞ্চল্যকর হামলা। অভিযোগ অনুযায়ী, দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তার সেক্টর–৫৭-এর বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েক ডজন গুলি চালায়। শুক্রবার সকালে ফরিদাবাদে পুলিশের এনকাউন্টারে সেই হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ইশান্ত ওরফে ইশু গান্ধী।
আরও পড়ুন:Saif Ali-Kareena: তৈমুর বিতর্কে ফের আলোচনায় বলিউডের নবাব পরিবার, প্রশ্ন তুললেন বিবেক অগ্নিহোত্রী!
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ফরিদাবাদের জওহর কলোনির বাসিন্দা।সূত্র অনুযায়ী, পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দলকে লক্ষ্য করে ইশান্ত স্বয়ংক্রিয় পিস্তল থেকে প্রায় ছ’ রাউন্ড গুলি চালায়। পাল্টা জবাবে পুলিশও গুলি চালালে তার পায়ে লাগে। পরে আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে এলভিশ যাদবের বাড়ির সামনে হামলা চালায় তিন দুষ্কৃতী।

মোটরবাইকে করে এসে তারা বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার দিকে প্রায় ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়ে। সৌভাগ্যবশত, বাড়ির ভেতরে তখন এলভিশের কেয়ারটেকার ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও কেউ হতাহত হননি। সেই সময় বাড়ির উপরের দুটি তলায় থাকছিলেন এলভিশ নিজেও।মাত্র ২৭ বছর বয়সী এলভিশ যাদব ইউটিউবের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করলেও বিতর্ক তাঁর সঙ্গী হয়ে উঠেছে বহুবার। মিউজিক ভিডিও এবং ছবিতেও কাজ করেছেন তিনি। ২০২৩ সালে ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজনে বিজয়ী হন তিনি। তবে এর পরপরই নাম জড়িয়ে পড়ে গুরুতর অভিযোগে।

একই বছরের নভেম্বরে তার বিরুদ্ধে ওঠে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ। জানা যায়, সেই সময় প্রায় ন’টি বিষাক্ত সাপ উদ্ধার হয়েছিল অভিযুক্তদের কাছ থেকে। এই ঘটনায় এলভিশকে গ্রেফতারও করা হয়।শুধু তাই নয়, পরবর্তীকালে বারাণসীর কাশী মন্দির প্রাঙ্গণে ছবি তুলে আরও একবার বিতর্কে জড়ান তিনি। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বারাণসী সেশন আদালতে মামলা দায়ের হয়। সব মিলিয়ে, জনপ্রিয়তার পাশাপাশি নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এলভিশ যাদব। আর সাম্প্রতিক গুলি চালানোর ঘটনাটি আবারও প্রমাণ করল যে, তার চারপাশে বিতর্কের আবহ কোনোভাবেই কাটছে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
