Accident: তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরে ট্রাকের ধাক্কায় মৃত শিশু সহ ৮, আহত ৪৫, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

দেশ

নিউজ পোল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা (Accident) উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। বুলন্দশহরের ৩৪ নম্বর জাতীয় সড়কে তীর্থযাত্রী ভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে একটি কন্টেইনারের সংঘর্ষে ৮ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। তীর্থরা কাসগঞ্জ থেকে রাজস্থানে জহরপীর যাচ্ছিলেন।

জানা গিয়েছে, গোগাজির ভক্তরা উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেদিতে যাওয়ার সময়েই ঘাটাল গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে ১২ জন শিশুও রয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জেলা ম্যাজিস্ট্রেট এবং এসএসপি সহ পুলিশ দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের আলিগড় মেডিকেল কলেজ, বুলন্দশহর জেলা হাসপাতাল এবং কৈলাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আর্নিয়া পুলিশ এবং নিকটবর্তী পুলিশ স্টেশনের বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত কনটেইনারটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে।

বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার জানিয়েছেন, “রাত ২:১৫ নাগাদ আলিগড় সীমান্তের ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কাসগঞ্জ জেলা থেকে রাজস্থানের দিকে একটি ট্রাক্টরে প্রায় ৬০-৬১ জন যাত্রী যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি কন্টেইনার দ্রুত গতিতে ট্রাক্টরটিকে ধাক্কা দেয় যার ফলে ট্রাক্টরটি উল্টে যায় এবং বিপুল সংখ্যক লোক আহত হয়… ৮ জন মারা যায়। বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন, ৩ জন ছাড়া বাকি সকলের অবস্থা ভালো বলে জানা গিয়েছে। তিনজন এখন ভেন্টিলেটরে আছেন… ঘটনাস্থল থেকে ট্র্যাক্টরটি সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।” ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করেছেন এবং নিহতদের আত্মীয়স্বজনদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনায় নিহতদের আত্মীয়স্বজনদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও, গুরুতর আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানও হয়েছে।