নিউজ পোল ব্যুরো: প্রয়াত বাংলা সিনেমার জনপ্রিয় মুখ এবং এক সময়ের রোমান্টিক নায়ক জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। সোমবার সকালে কলকাতার (Kolkata) এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬২। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রাক্তন অভিনেতা। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হল না।
আরও পড়ুন: Hanuman In Space: হনুমান না নীল আর্মস্ট্রং? মহাকাশে প্রথম পা ফেলার গল্পে মিশেছে পুরাণের প্রমাণ
১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee)। অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল শুরু থেকেই। সিনেমায় পা রাখেন ‘অপরূপা’ ছবির মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবিতেই নজর কাড়েন নিজের সুপুরুষ চেহারা ও আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে। এরপর ‘চপার’, ‘নাগমোতি’, ‘মিলন তিথি’, ‘আমরা’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে টলিউডে (Tollywood) নিজের জায়গা পাকা করে নেন। অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) ‘হীরক জয়ন্তী’ ছবিতে চুমকি চৌধুরীর সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয়তা পায়, যা তাদের প্রেমের গুঞ্জন পর্যন্ত পৌঁছায়।
তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের মঞ্চ থেকে ধীরে ধীরে সরে যান জয়। পরিবর্তে রাজনীতিতে দেখা যায় তাকে। বিজেপির (BJP) রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি, লড়েছেন ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বীরভূম ও উলুবেড়িয়া কেন্দ্র থেকে। যদিও জয় আসেনি কোনোবারই। অবশেষে ২০২১ সালে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তার ব্যক্তিগত জীবনও কম আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না। তিনি ছিলেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) প্রয়াণে টলিপাড়া ও রাজনৈতিক মহল শোকে মুহ্যমান। এক অভিনেতা, যিনি রূপালী পর্দা থেকে শুরু করে রাজনীতির ময়দান, দুই ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
