Jagdeep Dhankhar: নিখোঁজ ধনকড়? “লেবু কচলানোর দরকার নেই”, বললেন অমিত শাহ

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) আকস্মিক ইস্তফা এবং তারপর থেকে তার ‘গায়েব’ হয়ে যাওয়া নিয়ে দিল্লির (Delhi) রাজনৈতিক মহলে জোর জল্পনা। বিরোধী শিবিরে চলছে একের পর এক প্রশ্নবাণ, তিনি কোথায়? কেন তিনি সামনে আসছেন না? আদৌ তিনি সুস্থ আছেন তো? এমন নানা উদ্বেগের মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিলেন, “অযথা লেবু কচলানোর প্রয়োজন নেই।”

আরও পড়ুন: Joy Banerjee: প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়, টলিউড ও রাজনীতিতে শোকের ছায়া

গত ২১ জুলাই হঠাৎ নিজের পদ থেকে ইস্তফা দেন উপরাষ্ট্রপতি ধনকড় (Jagdeep Dhankhar)। রাষ্ট্রপতির কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। যদিও তার আগের দিন পর্যন্ত তিনি সংসদে সক্রিয় ছিলেন। অতীতে গুরুতর অসুস্থতার পরও দ্রুত কাজে ফেরা ধনকড়ের এই আচমকা ইস্তফা স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। কংগ্রেসের জয়রাম রমেশ এবং শিবসেনার সঞ্জয় রাউতের মতো নেতারা সরাসরি অভিযোগ তুলেছেন, ধনকড় হয়তো চাপের মুখে ইস্তফা দিয়েছেন, কিংবা তাকে ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে। এমনকি তার নিরাপত্তারক্ষীদের সঙ্গেও নাকি যোগাযোগ করা যাচ্ছে না! রাহুল গান্ধীও (Rahul Gandhi) মন্তব্য করেন, “রাজ্যসভায় এত সোচ্চার একজন ব্যক্তি হঠাৎ চুপ হয়ে গেলেন। এর পেছনে নিশ্চয়ই বড় কিছু রয়েছে।”

এই জল্পনার মাঝেই এবার মুখ খুললেন অমিত শাহ (Amit Shah)। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন—এ সবই অতিরঞ্জিত। তার কথায়, “জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) অত্যন্ত সম্মানজনকভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। শারীরিক কারণে ইস্তফা দিয়েছেন, এর পেছনে অন্য কিছু খোঁজার চেষ্টা করাটা অনর্থক।” অমিত শাহের (Amit Shah) বক্তব্যে জল যতটা পরিষ্কার করার চেষ্টা, ততটাই ঘোলা রেখেছেন বিরোধীরা। ধনকড় আদৌ কোথায়, তিনি সুস্থ আছেন কিনা—এই প্রশ্নগুলোর এখনও সরকারি বা দৃশ্যমান জবাব মেলেনি। আর ঠিক সেইখানেই দাঁড়িয়ে থেকে যাচ্ছে ধোঁয়াশা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole