নিউজ পোল ব্যুরো: গত সপ্তাহে নিজের বাসভবনে জনশুনানি চলাকালীন দিল্লির মুখন্যমন্ত্রী রেখা গুপ্তার (rekha gupta) হামলার ঘটনা ঘটেছিল। তার পরেই বৃদ্ধি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গান্ধী পরিবারকে প্রদানকারী Z ক্যাটাগরির নিরাপত্তা। সেই নিরাপত্তাই এবার প্রত্যাহার করা হয়েছে। CRPF-এর বদলে রেখা গুপ্তার নিরাপত্তা আবারও দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
৫১ বছর বয়সী রেখা গুপ্তার উপর ২০ আগস্ট সকালে সিভিল লাইনস এলাকায় তার ক্যাম্প অফিসে ‘জন শুনানি’ অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর চুল ধরে টানা এবং চড় মারার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন “তাকে হত্যার সুপরিকল্পিত ষড়যন্ত্র” করা হয়েছিল। সেই ঘটনার পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দেওয়া হয় CRPF-এর হাতে। তবে সিআরপিএফ-এর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে এবং দিল্লি পুলিশ এখন দিল্লির মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিচ্ছে বলেই সূত্র জানিয়েছে। সিআরপিএফ-এর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ আনুষ্ঠানিকভাবে কেন্দ্র কর্তৃক জারি করার কথা ছিল কিন্তু পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে এবং অবশেষে, প্রত্যাহারের আদেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: Jiban Krishna Saha: এবার ED-এর জালে বড়ঞার তৃণমূল বিধায়ক, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় দিল্লি পুলিশ এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছেন প্রধান অভিযুক্ত রাজেশভাই খিমজি (৪১), যিনি একজন অটোরিকশা চালক এবং গুজরাটের রাজকোটের বাসিন্দা। অটোরিকশা চালক খিমজির বিরুদ্ধে রাজকোটের ভক্তিনগর থানায় ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে হামলা এবং মদ রাখার পাঁচটি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খিমজি অবৈধ মদ পাচারের সঙ্গেও জড়িত ছিল। দিল্লি পুলিশ রাজকোটে খিমজির বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সহ ১০ জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। মূল অভিযুক্তকে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তিনি পুলিশকে জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীর “জনশুনানি” অনুষ্ঠানে পথ কুকুরের বিষয়টি উত্থাপন করতে গিয়েছিলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
