Halley’s Comet: মার্ক টোয়েনের জন্ম ও মৃত্যুতে ধূমকেতুর ছায়া

Uncategorized বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: মার্ক টোয়েনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক আশ্চর্য মহাজাগতিক সংযোগ, যা আজও ইতিহাসে বিস্ময় জাগায়। জ্যোতিষীরা যেমন গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে মানুষের ভবিষ্যৎ বলার দাবি করেন, তেমনই টোয়েন নিজের জীবনের ভবিষ্যৎ বহু আগেই এক মহাজাগতিক ঘটনার সঙ্গে মিলিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবং তা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল।

আরও পড়ুন: Reliance Jio Network: দুপুরবেলা আচমকা উধাও Reliance Jio নেটওয়ার্ক, ফোন-ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত

মার্ক টোয়েনের আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। তিনি জন্মেছিলেন ১৮৩৫ সালের ৩০ নভেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। একই বছর আকাশে দেখা দিয়েছিল হ্যালির ধূমকেতু, যা প্রতি ৭৪ বছরে একবার পৃথিবীর কাছে আসে। টোয়েনের জন্মের মাত্র কয়েক সপ্তাহ আগে ধূমকেতুটি পৃথিবীর একেবারে নিকটতম অবস্থানে পৌঁছেছিল। ফ্লোরিডার আকাশে তখন এটি ছিল অস্বাভাবিকভাবে উজ্জ্বল, আর সেই সময়েই পৃথিবীতে এসেছিলেন ভবিষ্যতের এই কিংবদন্তি সাহিত্যিক।

মার্ক টোয়েন বিশ্বাস করতেন, তার আগমন এবং প্রস্থান দুটোই ঘটবে হ্যালির ধূমকেতুর সঙ্গেই। তিনি একবার রসিক ভঙ্গিতে লিখেছিলেন—“১৮৩৫ সালে হ্যালির ধূমকেতুর সঙ্গে আমি পৃথিবীতে এসেছি, আশা করি ১৯১০ সালে সেটির সঙ্গেই বিদায় নেব। যদি তা না ঘটে, তবে আমি অত্যন্ত হতাশ হব।” আশ্চর্যের বিষয়, তাঁর কথাই সত্যি হয়েছিল। ১৯১০ সালের ২১ এপ্রিল, হ্যালির ধূমকেতু যখন আবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে, ঠিক সেই সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে মৃত্যু হয় মার্ক টোয়েনের।

তবে তার জীবন শুধু এই অদ্ভুত মহাজাগতিক যোগসূত্রেই সীমাবদ্ধ ছিল না। মাত্র ১১ বছর বয়সে বাবাকে হারিয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয় তাঁকে। প্রথমদিকে একটি ছাপাখানায় শিক্ষানবীশ হিসেবে কাজ করেন, পরে হন নদীপথের পাইলট। কিছুদিন পর সাংবাদিকতার জগতে প্রবেশ করেন এবং সেখান থেকেই শুরু হয় নিয়মিত লেখালেখি। সাহিত্য জগতে তিনি ‘মার্ক টোয়েন’ নামেই পরিচিত ও জনপ্রিয় হন। তার লেখা ‘The Adventures of Tom Sawyer’ এবং ‘The Adventures of Huckleberry Finn’ আজও আমেরিকান সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত। আর্নেস্ট হেমিংওয়ে পর্যন্ত বলেছিলেন, “আমেরিকার আধুনিক সাহিত্য শুরু হয়েছে হাকলবেরি ফিন থেকে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ব্যক্তিগত জীবনে দুঃখ-কষ্ট ও ওঠাপড়ার মধ্য দিয়েই এগিয়েছেন মার্ক টোয়েন। তবুও তার অসাধারণ রসবোধ, ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি এবং অনন্য সাহিত্যকর্ম তাকে বিশ্বসাহিত্যে অমর করে রেখেছে। আর হ্যালির ধূমকেতুর সঙ্গে তার জন্ম-মৃত্যুর এই অদ্ভুত মেলবন্ধন আজও পাঠকের মনে এক রহস্যময় কৌতূহল জাগায়।