Reliance Jio Network: দুপুরবেলা আচমকা উধাও Reliance Jio নেটওয়ার্ক, ফোন-ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: আজ মঙ্গলবার দুপুর হতেই হঠাৎ বিপত্তি দেখা দিল Reliance Jio গ্রাহকদের জীবনে। দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের পর থেকে একেবারেই বন্ধ হয়ে যায় জিওর নেটওয়ার্ক(Jio Network)। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার গ্রাহক বিপাকে পড়েন। শুধু মোবাইল নেটওয়ার্ক(Mobile Network) নয়, প্রভাব পড়ে ব্রডব্যান্ড পরিষেবাতেও। হঠাৎ করে ফোনে কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট(Internet) ব্যবহার, কিছুই করা যাচ্ছিল না সঠিকভাবে।প্রাথমিক তথ্য অনুযায়ী, মূলত পূর্ব ভারতের একাংশ এই সমস্যার কবলে পড়েন।

আরও পড়ুন: Cloudburst: কাঠুয়া-কিশতোয়ারের পর জম্মু-কাশ্মীরের ডোডা, মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ আকস্মিক বন্যা, মৃত ৪

পশ্চিমবঙ্গ(West Bengal), ঝাড়খণ্ড(Jharkhand) ও বিহারের(Bihar) বহু জিও ব্যবহারকারী জানান, তারা হঠাৎ করেই নেটওয়ার্ক(Network)সমস্যায় ভুগতে শুরু করেছেন। শুধু মোবাইল ব্যবহারকারীরাই নন, জিও ফাইবার পরিষেবাও বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় অফিস টাইমে। কর্মজীবনে ডিজিটাল নির্ভরতা যেভাবে বেড়েছে, তাতে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া গ্রাহকদের কাজকর্মে গুরুতর প্রভাব ফেলে।এই ঘটনার জেরে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এক্স হ্যান্ডেলে বহু ব্যবহারকারী তাদের ক্ষোভ উগরে দেন। “জিওর কারণে কাজ আটকে গেছে”, “ইন্টারনেট ছাড়া জীবন থমকে গেল”- এমন নানা পোস্টে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।

অনেকেই জিও কেয়ার এবং Reliance Jio-এর অফিসিয়াল হ্যান্ডেলকে ট্যাগ করে সমস্যার কথা জানান। অভিযোগের বন্যা বাড়তে থাকলে জিও কেয়ার গ্রাহকদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়ে রিপ্লাই দিতে শুরু করে।তবে এখনও পর্যন্ত এই নেটওয়ার্ক বিভ্রাটের সঠিক কারণ জানায়নি মুকেশ অম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থা। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট হয়নি। যদিও অনেকে মনে করছেন সার্ভারজনিত সমস্যার কারণে এই বিপত্তি।বর্তমান সময়ে নেটওয়ার্ক পরিষেবা প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কাজ, পড়াশোনা, বিনোদন সবই নির্ভরশীল ইন্টারনেটের উপর। ফলে হঠাৎ জিওর পরিষেবা বন্ধ হয়ে যাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসকর্মী সবার জন্যই বড়সড় সমস্যার কারণ হয়ে দাড়ায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole