নিউজ পোল ব্যুরো: দীর্ঘ ৮ বছর ধরে চলা শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করে দিল আদালত। আলিপুর আদালতে ২০১৭ সাল থেকে চলছিল কলকাতার প্রাক্তন মেয়রয়ের বিবাহ বিচ্ছেদের মামলা। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় ফের একসঙ্গে থাকতে চেয়ে যে আবেদন করেছিলেন সেটাও খারিজ করে দিয়েছে আদালত।
রত্না চট্টোপাধ্যায় এদিন ছেলে ঋষিকে নিয়ে আদালতে আসেন। দুপুর দেড়টা নাগাদ আদালত শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলার আবেদন খারিজ করে দেন। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আলিপুর কোর্টে ২০১৭ সালে ১৩ নভেম্বর রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের যে মামলা দায়ের করেছিলেন। সেই থেকেই মামলা চলছিল। এর পর গঙ্গা যমুনা দিয়ে বহু জল গড়িয়েছে। আদালতের রায়ে শোভন বা রত্না কারও ইচ্ছাই পূর্ণ হয়নি। তবে বিচ্ছেদ না হলেও এক সঙ্গে থাকতে পারবেন না শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে রত্নার সঙ্গে বিচ্ছেদ না হলেও বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও থাকতে কোনও বাধা নেই। আদালতে শোভন চট্টোপাধ্যায় স্ত্রী রত্নার বিরুদ্ধে টাকা নয় ছয়ের যে অভিযোগ এনেছিলেন সেটা প্রমাণ করতে পারেননি। এই কারণেই আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন: Atin Ghosh: আর জি কর দুর্নীতি মামলায় সিবিআই-এর নজরে এবার অতীন ঘোষ, হানা শ্যামবাজারের বাড়িতে
আদালতের এই রায়কে জয় হিসেবে দেখছে রত্না চট্টোপাধ্যায়। আদালত চত্বরে সাংবাদিকদের বলেন,’গত ৮ বছর ধরে লড়াই করছি। পুরুষতান্ত্রিক সমাজে ক্ষমতার কাছে মেয়েদের হেরে যেতে হয়। এই জয় সব নারীর।” রত্না আরও বলেন, ৮ বছরের লড়াইয়ের একটা ধাপ শেষ হল। ৮ বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি বাচ্চাদের জন্য। কারণ আমার এক ছেলে এবং এক মেয়ে। আমার উপর ছাড়ুন…তাঁদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে, সেই লড়াইটা আমি ৮ বছর ধরে লড়লাম। এবং আমার সঙ্গে আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি, এই সমস্ত অ্যাডভোকেটরা আমার সঙ্গে ৮ বছর ধরে লড়াই করেছে। আমি বিশ্বাস করি, আজকে আমাদের যে রায়টা, সমাজের উপর খুব প্রতিফলন ফেলবে। কারণ পুরুষ শাসিত সমাজে যেভাবে মহিলারা নির্যাতিত হয়, এবং ক্ষমতার কাছে তাঁরা হেরে যায়।আমি সেই লড়াইটা দিতে পেরেছি।” অন্যদিকে ছেলে আরও একবার বাবার কাছে কাতর আর্জি জানিয়ে বলেছেন, ‘ফিরে এসো বাবা। এখনও দেরি হয়নি। সব ঠিক করে নেব আমরা’।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
