Atin Ghosh: আর জি কর দুর্নীতি মামলায় সিবিআই-এর নজরে এবার অতীন ঘোষ, হানা শ্যামবাজারের বাড়িতে

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতির কেন্দ্রে আবারও দুর্নীতির ছায়া। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই (CBI) হানা দিল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল নেতা অতীন ঘোষের (Atin Ghosh) শ্যামবাজারের বাসভবনে। আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) আর্থিক দুর্নীতির তদন্তেই এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Kunal Ghosh: অভয়ার বাবার বিরুদ্ধে কুণালের মানহানির মামলা, হাজিরার নির্দেশ ১১ সেপ্টেম্বর

২০২৩ সালের ৯ অগাস্ট আর জি করের সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়। কলকাতা পুলিশ অভিযুক্ত হিসেবে এক সিভিক ভলান্টিয়ার, সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরবর্তীতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে যায়।

সিবিআই (CBI) তদন্তে উঠে আসে হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ, যার জেরে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তদন্তে আরও জানা যায়, আর জি কর মেডিক্যাল কলেজ (RG Kar Medical College) ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বেশ কয়েকজন সদস্যের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সেই কমিটিতেই ছিলেন অতীন ঘোষ। তদন্তকারীরা মনে করছেন, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অতীন ঘোষ (Atin Ghosh), যেখানে নথিভুক্ত সিদ্ধান্তগুলি নিয়েই দুর্নীতির রূপরেখা তৈরি হয়েছিল বলে অভিযোগ।

এর আগেও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয় সিবিআই (CBI)। এবার তাদের লক্ষ্য অতীন ঘোষ (Atin Ghosh)। সূত্র অনুযায়ী, এই তল্লাশির পূর্বাভাস আগে থেকেই ছিল ডেপুটি মেয়রের কাছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠেছে, সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের সম্পর্ক কতটা স্বচ্ছ? এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আদৌ এই অভিযোগগুলিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে? তদন্তে কতদূর এগোবে সিবিআই, তা সময় বলবে। তবে স্পষ্ট, আর জি কর কাণ্ড নিয়ে এবার কঠিন প্রশ্নের মুখে রাজ্য সরকার ও শাসকদল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole