Mahua Moitra: অমিত শাহকে ঘিরে বিস্ফোরক মন্তব্য মহুয়ার, দেশদ্রোহের অভিযোগে FIR বিজেপির

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের বছর রাজনীতির উত্তাপ তুঙ্গে। তার মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। অভিযোগ উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখার’ মতো চরম বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি (BJP)। নদিয়ার কোতোয়ালি থানায় মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার।

আরও পড়ুন: Atin Ghosh: আর জি কর দুর্নীতি মামলায় সিবিআই-এর নজরে এবার অতীন ঘোষ, হানা শ্যামবাজারের বাড়িতে

ঘটনার সূত্রপাত ২৬ আগস্ট। কৃষ্ণনগরে সরকারি জমির পাট্টা বিলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মহুয়ার অভিযোগ, দেশের সীমান্তে অনুপ্রবেশকারীদের ঢল নামলেও, স্বরাষ্ট্রমন্ত্রী নির্লিপ্ত। প্রধানমন্ত্রীর সামনেই তিনি হাততালি দিচ্ছেন, এ মন্তব্য করে মহুয়া বলেন, “যদি সীমান্ত রক্ষা না হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।”

এই মন্তব্যকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে বিজেপি নেতারা সরব হয়েছেন। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কটাক্ষ করে বলেন, “ইংরেজি জানা মানেই শিক্ষিত হওয়া নয়, মহুয়াকে দেখলেই তা বোঝা যায়।” অন্যদিকে, তৃণমূল শিবির অবশ্য মহুয়ার মন্তব্যকে রাজনৈতিক হতাশা থেকে জন্ম নেওয়া হঠকারী প্রতিক্রিয়া বলে ব্যাখ্যা করতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও তৃণমূল কংগ্রেস কোনও বিবৃতি দেয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রাজ্যে ২০২৬-এর বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ-সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন নতুন মাত্রা পেল এই বিতর্কে। কেন্দ্রের দাবি, রাজ্য সরকার রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের ব্যবহার করছে। পালটা, রাজ্যের বক্তব্য, সীমান্ত রক্ষা বিএসএফের (BSF) দায়িত্ব, যা কেন্দ্রের অধীনে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।