Suvendu Adhikari attack Mamata Banerjee:“চাকরিহারাদের দাগি বলা হলেও,আসল মহাদাগি মমতার সরকার” — শুভেন্দু অধিকারী!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার এক বড় পদক্ষেপ নিল কমিশন। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই প্রকাশ করা হল অযোগ্য প্রার্থীদের তালিকা। মোট ১,৮০৬ জন চাকরিপ্রার্থীকে ‘দাগি’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রথমে কমিশনের তরফে ১,৮০৪ জনের নাম প্রকাশিত হলেও পরে রাতে আরও দু’জনের নাম যুক্ত করে তালিকা সংশোধন করা হয়। এই তালিকায় শাসকদলের কাউন্সিলর, অঞ্চল সভাপতি, এমনকি কয়েকজন বিধায়ক ঘনিষ্ঠের নামও উঠে এসেছে, যা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন শুরু হয়েছে। তালিকা প্রকাশের পর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari attack Mamata Banerjee)। তাঁর বক্তব্য, একটি নির্বাচিত সরকার কোনওভাবেই অবৈধভাবে চাকরি দিতে পারে না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই গোটা দেশে নজিরবিহীন ভাবে অবৈধ নিয়োগ করেছে। শুভেন্দুর অভিযোগ, যাঁরা আজ দাগি হিসেবে চিহ্নিত, তাঁদের থেকেও আসল মহাদাগি আসলে এই সরকার। তাঁর কথায়, এতদিন জনসভা থেকে বিরোধীরা বলত, এ সরকার চাকরি চোর। এখন কমিশনের তালিকা প্রকাশের পর সরকার নিজেই সেই অভিযোগকে প্রমাণ করে দিয়েছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/31/modi-speech-sco-summit-china-visit/

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari attack Mamata Banerjee) দাবি, তালিকায় নাম থাকা প্রার্থীদের মধ্যে নব্বই শতাংশই ঘুষ দিয়ে চাকরি কিনেছেন। বাকি দশ শতাংশ ঢুকেছেন রাজনৈতিক সুপারিশে। কেউ কেউ গয়নাগাটি, জমি কিংবা গরু-বাছুর বিক্রি করে টাকা জোগাড় করেছেন। আবার কেউ কেউ নেতামন্ত্রীর সুপারিশে পিছনের দরজা দিয়ে নিয়োগ পেয়েছেন। ফলে গোটা দায় সরকারের ঘাড়েই বর্তায় বলে বিরোধী দলনেতার কটাক্ষ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় নির্দেশ দিয়েছিল যে সাত দিনের মধ্যে কমিশনকে অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। আদালতের সেই নির্দেশই কার্যকর করে শনিবার তালিকা প্রকাশ করা হয়েছে। আদালতের বেঞ্চের স্পষ্ট বক্তব্য ছিল, যাঁরা চাকরির যোগ্য নন, তাঁরা আর কোনও অবস্থাতেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। ফলে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে, তাতে তালিকাভুক্ত কোনও প্রার্থী বসতে পারবেন না।

তালিকা প্রকাশ হওয়ার পর দাগি চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের দাবি, কমিশন আসলে নিজেদের দায় বাঁচাতেই এই তালিকা প্রকাশ করেছে এবং এর ফলে অনেক প্রকৃত যোগ্য প্রার্থীও অন্যায়ের শিকার হয়েছেন। তাঁরা এখন আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এসএসসি-র তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একে সরকারের দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে শাসকদল অভিযোগ করছে যে বিরোধীরা কেবল রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, অযোগ্য তালিকা প্রকাশের ফলে বিরোধীদের হাতে ফের একটি বড় অস্ত্র উঠে এসেছে এবং আসন্ন রাজনীতিতে এই ইস্যু যে আরও অনেকবার তোলা হবে, তা বলাই বাহুল্য।