নিউজ পোল ব্যুরো: জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের অভিনেতা আশীষ কপূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগে চাঞ্চল্য। ‘ইয়ে রিশ্তা কেয়া কেহলাতা হ্যায়’-এর পরিচিত মুখ আশীষকে (Asish Kapoor) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযোগকারিণীর দাবি, দিল্লির একটি হাউজ় পার্টিতে তিনি নির্যাতনের শিকার হন। ঘটনাটি ঘটেছে অগস্টের দ্বিতীয় সপ্তাহে। ১১ অগস্ট দিল্লির সিভিল লাইন থানায় অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন:Raghu Dakat new song: প্রেমিক রূপে দেব! ‘ঝিলমিল লাগে রে’ টিজারে রঘু–সৌদামিনীর রসায়ন মাতালো টলিউড
অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ওই পার্টির সময় শৌচালয়ের ভিতরে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিনেতা। প্রথমে অভিযোগকারিণী তাঁর বয়ানে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করলেও, পরবর্তীতে বয়ান পরিবর্তন করে কেবল আশীষ কপূরের (Asish Kapoor) নামই দায়ী করেন। এই বৈপরীত্য নিয়েও শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। পুলিশ জানিয়েছে, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই আশীষ পুলিশের নজরে ছিলেন। সূত্রের দাবি, প্রথমে তাঁর খোঁজ মেলে গোয়ায় (Goa)। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তিনি সরে পড়েন। অবশেষে পুণেতে (Pune) এক বন্ধুর ফ্ল্যাট থেকে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিনেতা গ্রেফতার এড়াতে একাধিক জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে পালিয়েও লাভ হয়নি।
বর্তমানে নির্যাতিতা গুরুগ্রামে (Gurugram) কর্মরত। অভিযোগকারিণীর বয়ান ও এফআইআর (FIR)-এর মধ্যে কিছু অমিল থাকায় তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে। পুলিশের বক্তব্য, প্রাথমিকভাবে দু’জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও, পরবর্তী সময়ে নাম কেবল আশীষ কপূরের উপরেই সীমাবদ্ধ রাখা হয়েছে। বিষয়টি আদালতে উপস্থাপনের আগে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
আশীষ কপূর (Asish Kapoor) টেলিভিশনের পরিচিত মুখ। ‘ইয়ে রিশ্তা কেয়া কেহলাতা হ্যায়’ (Ye Rishta Kya Khelata Hai) ছাড়াও ‘লভ ম্যারেজ ইয়া অ্যারেঞ্জড ম্যারেজ’, ‘চাঁদ ছুপা বাদল মেঁ’ (Chand Chupa Badal Mein), ‘বন্দিনী’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগে স্বাভাবিকভাবেই বিস্মিত টেলিভিশন দুনিয়া।
তদন্ত চলতে থাকায় এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ পুলিশ। তবে স্পষ্ট করে জানানো হয়েছে, বয়ান পরিবর্তন, অভিযোগপত্রে অমিল এবং অভিযুক্তের পালানোর চেষ্টা— সবকিছুই নথিবদ্ধ করা হচ্ছে। আদালতে দ্রুত চার্জশিট পেশ করা হবে বলে জানিয়েছে তদন্তকারী অফিসাররা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
