Chattisgarh: অবুঝমাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ৫ মাওবাদী, তীব্র হচ্ছে সন্ত্রাসবিরোধী অভিযান

দেশ

নিউজ পোল ব্যুরো: শান্ত জঙ্গল আবারও প্রতিধ্বনিত হলো গুলির শব্দে। ছত্তিশগড়ের (Chattisgarh) মাওবাদী প্রভাবিত অবুঝমাড়ে ফের রক্তাক্ত সংঘর্ষ। শুক্রবার ভোররাতে, দান্তেওয়াড়া ও নারায়ণপুর থেকে পাঠানো ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)-এর একটি যৌথ বাহিনী পূর্ব বস্তারের গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময় মাওবাদীদের সঙ্গে প্রবল গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খতম হয় অন্তত পাঁচ জন মাওবাদী।

আরও পড়ুন: Nepal Social Media Ban : নেপালে রেজিস্ট্রেশন ছাড়া ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা

দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, সংঘর্ষের সময় মাওবাদীরা অতর্কিতে আক্রমণ চালালেও নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে তারা পিছু হটতে বাধ্য হয়। গভীর জঙ্গলের কারণে এখনও কয়েকটি দেহ উদ্ধার হয়নি বলে জানান তিনি। তবে গোটা বস্তার জুড়ে এখন নজিরবিহীন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এর আগে ২৮ আগস্ট মহারাষ্ট্র-ছত্তিশগড় (Chattisgarh) সীমান্তে গড়চিরোলির কোপারশি জঙ্গলে সি-৬০ কমান্ডোদের সঙ্গে লড়াইয়ে নিহত হয় চার মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও নিষিদ্ধ নথিপত্র।

 

একইসঙ্গে ঝাড়খণ্ডের (Jharkhand) পালামৌ জেলাতেও চলছে অভিযান। মানাতু থানার কেদল গ্রামে মাওবাদীদের গতিবিধি নজরে আসতেই সিআরপিএফ ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী রাতভর অভিযান চালায়। সংঘর্ষে মৃত্যু হয় দুই জওয়ানের, গুরুতর জখম অবস্থায় একজনকে উদ্ধার করা হয়।

২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে সম্পূর্ণভাবে মাওবাদ নির্মূলের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে বার্তা দিয়েছে, তারই বাস্তবায়ন শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নেতৃত্বে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ও ঝাড়খণ্ডে জোরালো অভিযান চলছে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে, বর্তমানে তেলেঙ্গানা-ছত্তিশগড় (Chattisgarh) সীমান্তের কারেগুট্টা পাহাড়ি অঞ্চল মাওবাদীদের অন্যতম আস্তানা। সেই ঘাঁটি ধ্বংসে নামানো হয়েছে প্রায় ৩ হাজার আধাসেনা। এই লাগাতার অভিযানে চাপে পড়ে এখন গ্রামবাসীদের ওপর হামলা বাড়াচ্ছে মাওবাদীরা। তবে প্রশাসনের স্পষ্ট বার্তা, সন্ত্রাসে আর ছাড় নয়। ‘লাল সন্ত্রাস’ এবার ইতিহাসে পরিণত হবে, বন্দুক নয়! ফিরবে উন্নয়ন আর শান্তি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole