নিউজ পোল ব্যুরো: গণেশ বিসর্জনের ঠিক আগেই, গোটা মুম্বই (Mumbai Bomb Threat) শহরে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। ‘লস্কর-ই-জেহাদি’ নামে এক অজ্ঞাত সংগঠনের তরফে দাবি করা হয়েছে, মুম্বই (Mumbai Bomb Threat) শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ঢুকে পড়েছে ৩৪টি মানববোমা বহনকারী গাড়ি। সঙ্গে রয়েছে প্রায় ৪০০ কেজি আরডিএক্স (RDX)। বিসর্জনের ভিড়ে একযোগে সবকটি বিস্ফোরণ ঘটিয়ে শহর ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। হুমকি বার্তায় আরও দাবি, এই হামলায় প্রাণ যাবে অন্তত এক কোটি মানুষের।
আরও পড়ুন: Mumbai: বিসর্জনের আগেই শহরজুড়ে বোমা-ভীতি, হাই অ্যালার্ট বাণিজ্যনগরীতে
তদন্তে নেমে নয়ডা (Noida) থেকে অশ্বিন কুমার সুপ্রা নামে এক ৫০ বছর বয়সী বিহারী প্রৌঢ়কে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, নয়ডা থেকে কেনা একটি মোবাইল ও নতুন সিমকার্ড ব্যবহার করে মুম্বই পুলিশের ট্রাফিক হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয় এই হুমকি বার্তা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি ভুয়ো হুমকি। তবে কোনও ঝুঁকি না নিয়ে, মুম্বইজুড়ে (Mumbai Bomb Threat) ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তা মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন বিসর্জন ঘাট, ট্রাফিক চৌমাথা, জনবহুল এলাকা এবং গণেশ বিসর্জনের মিছিলের রুটে।
শনিবার অনন্ত চতুর্দশী। মুম্বইয়ের সবচেয়ে জনঘনত্বপূর্ণ উৎসবের দিন। প্রতি বছর এই দিনে লক্ষ লক্ষ মানুষ নামেন রাস্তায় গণপতির বিসর্জনে। এই আবহে এমন হুমকি স্বভাবতই উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সন্ত্রাস দমন শাখা থেকে সাইবার সেল সক্রিয় হয়েছে একযোগে। ধৃত ব্যক্তিকে ইতিমধ্যেই মুম্বইয়ে এনে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। পুলিশ নিশ্চিত হতে চাইছে, আদৌ কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কিনা, নাকি এটি নিছক মানসিক ভারসাম্যহীন কারও এক ‘ডিজিটাল কৌতুক’।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
