Mousuni Island tour:পুজোয় বাইরে বেরোতে চান?নিরিবিলি সমুদ্রতটে কাটান স্বপ্নের ছুটি,চলে যান মৌসুনী আইল্যান্ডে!

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো:পাহাড় নয়, কিংবা শহরের ব্যস্ত প্ল্যান্ডেল হপিং নয়— যদি সত্যিই কিছুটা সময় প্রকৃতির কোলে, নিরিবিলি সমুদ্রতটে কাটাতে চান, তবে ভ্রমণপিপাসুদের জন্য আজকের খোঁজ একেবারেই অন্যরকম। কলকাতার একেবারে কাছেই রয়েছে এমন এক দ্বীপ, যেখানে সমুদ্রের নীল জল, বালুকাবেলা আর নির্জন পরিবেশ আপনাকে এনে দেবে এক অনন্য অভিজ্ঞতা। সেই জায়গার নাম মৌসুনী আইল্যান্ড (Mousuni Island tour)।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/09/07/lip-care-tips-for-pink-soft-lips/

কলকাতা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ ক্রমে ক্রমে হয়ে উঠছে পর্যটকদের কাছে জনপ্রিয় এক গন্তব্য। শহরের কোলাহল ও ভিড়ভাট্টা থেকে দূরে শান্তিপূর্ণ কয়েকটা দিন কাটানোর জন্য এই দ্বীপের জুড়ি মেলা ভার। একদিকে গঙ্গার মোহনা, অন্যদিকে বঙ্গোপসাগরের ঢেউ— এই বিরল মিলনক্ষেত্রের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করবেই।

মৌসুনী আইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার সমুদ্র। এখানে সাধারণত ঢেউয়ের গর্জন তেমন শোনা যায় না, ফলে চারপাশের পরিবেশ রয়ে যায় শান্ত ও নিরিবিলি। ভোরের আলোয় সূর্যোদয় দেখা, খালি পায়ে সোনালি বালুর উপর দিয়ে হাঁটা, কিংবা বিকেলের শেষে সমুদ্রের ধারে বসে নির্জনতায় ডুবে যাওয়া— সবই সম্ভব এখানে। যারা প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান, তাদের জন্য মৌসুনী আইল্যান্ড যেন এক স্বর্গ।

দ্বীপে পৌঁছনোর পথও মোটেই কঠিন নয়। শিয়ালদহ থেকে ট্রেনে নামখানা পৌঁছে অটো, টোটো বা বাসে সহজেই চলে যাওয়া যায় চেনাই নদীর ধারে। সেখান থেকে ফেরি পার হলেই সামনে হাজির হবে মৌসুনীর বিস্তীর্ণ বালুকাবেলা। ধর্মতলা থেকেও সরাসরি বাস পাওয়া যায় নামখানার উদ্দেশে। চাইলে ব্যক্তিগত গাড়িতেও একই রুট ধরে পৌঁছতে পারেন গন্তব্যে।

থাকার ব্যবস্থার অভাব নেই মৌসুনীতে (Mousuni Island tour)। দ্বীপ জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক হোমস্টে, আবার অনেকেই এখানে টেন্টে থেকে সমুদ্রের ধারে রাত কাটানোর অভিজ্ঞতা উপভোগ করেন। স্থানীয় মানুষের আতিথেয়তা যেমন মন কাড়বে, তেমনই তাদের রান্না করা তাজা মাছ ও স্থানীয় খাবারের স্বাদ আপনাকে ফের টেনে নিয়ে যাবে এখানে। রাতে আকাশভরা তারা, সামনে শান্ত সমুদ্র আর চারপাশে নির্জন প্রকৃতি— এর চেয়ে অন্যরকম অভিজ্ঞতা আর কল্পনাও করা যায় না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পুজোর ছুটি মানেই নতুন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু ভিড়ভাট্টা পর্যটনকেন্দ্রের বাইরে যদি আপনি খুঁজে থাকেন একান্তে কিছু সময় কাটানোর মতো জায়গা, তবে মৌসুনী আইল্যান্ড নিঃসন্দেহে হতে পারে আপনার সেরা পছন্দ। এখানে কোনও কোলাহল নেই, নেই কৃত্রিম সাজসজ্জা, আছে শুধু প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য।