CP Radhakrishnan: নিরঙ্কুশ ব্যবধানে জয়ী এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, দেশের ১৪তম উপরাষ্ট্রপতি পদে আসীন হতে চলেছেন তিনি

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)। একপ্রকার প্রত্যাশিত ভাবেই জয় পেলেও, ভোটের ব্যবধান ছিল নজরকাড়া শতাধিক ভোটে বিরোধী প্রার্থীকে পিছনে ফেলে এনডিএ প্রার্থী জয় ছিনিয়ে নেন ১৫২ ভোটের বিশাল ব্যবধানে। রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan) পেয়েছেন মোট ৪৫২টি ভোট, যেখানে বিরোধী জোট ইন্ডিয়ার সমর্থিত প্রার্থী সুদর্শন রেড্ডির (Sudarshan Reddy) ঝুলিতে গেছে মাত্র ৩০০টি ভোট। এছাড়া ১৫টি ভোট বাতিল হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘পাড়া ভালো তো আমি ভালো’, নেপালের অস্থিরতায় প্রতিবেশী রাজ্যকে সতর্ক করলেন মমতা

নির্বাচনের আগে থেকেই স্পষ্ট ছিল, সংখ্যার নিরিখে এনডিএ অনেকটাই এগিয়ে। জোটসঙ্গীদের পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেস ও কিছু নির্দল সাংসদের সমর্থন এই জয় আরও নিশ্চিত করে দেয়। খাতায়-কলমে এনডিএর ঝুলিতে ছিল অন্তত ৪২৫টি ভোট, ফলে জয় একপ্রকার নিশ্চিতই ছিল। তবে মূল প্রশ্ন ছিল, ভোটের ব্যবধান ২০২২ সালের তুলনায় কতটা কাছাকাছি পৌঁছতে পারে। সে বছর ধনখড় (Jagdeep Dhankhar) মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়েছিলেন। এবার সেই ব্যবধান কিছুটা কমে এলেও, ১৫২ ভোটের ফারাক কম কিছু নয়।

এই ভোটে ক্রস ভোটিং হয়েছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিরোধী দলগুলির দাবি, তাদের ৩১৫ জন সাংসদ ১০০ শতাংশ উপস্থিত ছিলেন এবং নির্ধারিত প্রার্থীকেই ভোট দিয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ একে “সংসদের ইতিহাসে নজিরবিহীন” বলেও দাবি করেছেন। তবে বাস্তবচিত্র কিছুটা ভিন্ন—কারণ প্রত্যাশার তুলনায় বিরোধী প্রার্থী কম ভোট পেয়েছেন, অন্যদিকে এনডিএর ভোট বেড়েছে।

আপ সাংসদ স্বাতী মালিওয়াল আগেই বিজেপিকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছিলেন, এবং অনুমান করা হচ্ছে তিনিও এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। পাশাপাশি, ভুল প্রক্রিয়ার কারণে বাতিল হয়েছে ১৫টি ভোট, যদিও সেগুলোর উৎস এখনও অস্পষ্ট। সব মিলিয়ে, দেশের উপরাষ্ট্রপতি (CP Radhakrishnan) পদে আরও একবার এনডিএ-র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল, সাংবিধানিক রাজনীতির মঞ্চে তাদের শক্তি ও সমর্থন আরও একবার প্রমাণিত হলো।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole