Gold Price : সোনা-রুপোর দামে আগুন, উৎসবের মরশুমে বাড়ছে মধ্যবিত্তের দুশ্চিন্তা

ব্যবসা-বাণিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : সোনা ও রুপোর বাজারে লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়ছে দিন দিন। কখনও এক লাফে দাম বেড়ে যাচ্ছে, আবার কখনও তুলনায় কিছুটা কম, তবে সামগ্রিক ভাবে ধারাবাহিক বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন দামের রেকর্ড তৈরি হচ্ছে। এর ফলে বিশেষত মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু। অলঙ্কার তৈরির ক্ষেত্রে অপরিহার্য সোনা (Gold Price) ও রুপো (Silver Price) কিনতে এখন ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

আগস্টের শেষ সপ্তাহ থেকে সোনার দামে যে ঊর্ধ্বগতি শুরু হয়েছিল, তা সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহেও একইভাবে বজায় রয়েছে। উৎসবের মরশুমে ভারতীয় পরিবারগুলির মধ্যে সোনা কেনার প্রচলন দীর্ঘদিনের। পুজো, বিয়ে কিংবা অন্যান্য শুভ উপলক্ষ সব ক্ষেত্রেই গয়না কেনার রেওয়াজ আছে। কিন্তু গত এক বছরে সোনার দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে স্বর্ণব্যবসায়ীদের আশঙ্কা বেড়েছে যে বিক্রি অনেকটাই কমে যেতে পারে।

বর্তমানে কলকাতার বাজারে সোনার দর ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। কর বাদে পাকা সোনা বার (24 Carat Gold) প্রতি 10 গ্রামে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। খুচরোতে পাকা সোনা বারের দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ১০ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে, হলমার্কযুক্ত গয়নার সোনা (22 Carat Gold) প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫ হাজার টাকা। শুধু সোনাই নয়, রুপোর দামও আকাশছোঁয়া। বর্তমানে খুচরো রুপো (Silver Price Today) প্রতি কেজিতে ১ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা।

আরও পড়ুন:Digital Learning : তামিলনাড়ুর সরকারী স্কুলে শুরু হল AI, রোবটিক্স ও কোডিং শেখার নতুন উদ্যোগ

তবে বাজারে গেলে এই দামেই যে সোনা বা রুপো কেনা সম্ভব হবে, তা নয়। কারণ নির্ধারিত দামের সঙ্গে যোগ হবে অতিরিক্ত খরচ। গয়না কেনার সময় ৩ শতাংশ জিএসটি (GST on Gold) এবং সঙ্গে গয়না তৈরির মজুরি (Making Charges) আলাদা করে দিতে হবে। যদিও জিএসটি নির্দিষ্ট, তবে মজুরি দোকানভেদে ভিন্ন হয়ে থাকে। এই অতিরিক্ত ব্যয়ই আসল খরচকে আরও বাড়িয়ে দেয়।

এমন পরিস্থিতিতে বহু ক্রেতা সোনা কেনার ইচ্ছে থাকলেও পিছিয়ে যাচ্ছেন। অনেকেই উৎসবের সময়ে গয়নার বদলে ছোট আকারের কয়েন (Gold Coin) বা সঞ্চয়ের উদ্দেশ্যে ডিজিটাল গোল্ড (Digital Gold) কেনার দিকে ঝুঁকছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি, ডলারের ওঠানামা (Dollar Rate) এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ (Global Economy) এর ফলে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে। যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এবং উৎসবের বাজারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspol