নিউজ পোল ব্যুরো: রাজ্যে আবারও জোরালো হয়ে উঠেছে নিয়োগের (Recruitment) দাবি। মঙ্গলবার ২০২২ সালের টেট উত্তীর্ণরা (2022 TET Passed Candidates) দেখা করেন আইএসএফ (ISF) চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) সঙ্গে। তারা লিখিতভাবে ডেপুটেশন (Deputation) জমা দিয়ে প্রাইমারি স্তরে অন্তত ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগের আবেদন জানান। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া এই চাকরিপ্রার্থীরা দাবি তুলেছেন, সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে হলে অবিলম্বে নিয়োগ ছাড়া অন্য কোনো পথ নেই।
আরও পড়ুন:Depression and Anxiety: মাথায় সারাক্ষণ নেতিবাচক চিন্তা? সহজ উপায়ে সরান মনখারাপের মেঘ
নওসাদ সিদ্দিকীও তাদের পাশে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে বিধানসভা থেকে সোশ্যাল মিডিয়া দুই জায়গাতেই সরব হয়েছেন। তার অভিযোগ, ২০২১-২২ সালের পর থেকে প্রাথমিক স্তরে প্রায় দেড় লক্ষ শূন্যপদ তৈরি হয়েছে, অথচ নিয়োগ হয়নি। এর ফলে সরকারি স্কুলে বাচ্চারা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা শুধু মিড-ডে মিল খেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। নওসাদের বক্তব্য অনুযায়ী, সরকার নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে গোড়াতেই প্রাথমিক শিক্ষাকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, যদি দেড় লক্ষ শূন্যপদের মধ্যে অন্তত ৫০ হাজার শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) করা হয়, তাহলে শিক্ষাব্যবস্থার কিছুটা সুরাহা হবে। এতে শুধু ছাত্রছাত্রীরাই উপকৃত হবে না, প্রায় সাড়ে আট থেকে নয় লক্ষ পরিবারের আর্থিক অবস্থার উন্নতিও হবে। তার কটাক্ষ, শিক্ষক নিয়োগ না থাকার কারণেই স্কুলছুটের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক কিশোর-কিশোরী পড়াশোনার আগ্রহ হারিয়ে ভিনরাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে। তাই দ্রুত নিয়োগই এখন একমাত্র সমাধান।

অন্যদিকে, সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি (Recruitment Notification) প্রকাশ করেছে। প্রাথমিক স্তরে বিশেষ শিক্ষার (Special Education Teacher) জন্য মোট ২,৩০৮টি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবশ্যিক যোগ্যতার মধ্যে রয়েছে আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ শিক্ষায় ডি.এড. বা সমতুল্য ডিপ্লোমা এবং বৈধ সিআরআর নম্বর। এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অন্তত ছয় মাসের প্রশিক্ষণ থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী ২০ থেকে ৪০ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে, যদিও তফসিলি জাতি, উপজাতি, ওবিসি ও শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শিক্ষার মাধ্যম অনুযায়ী শিক্ষককে সংশ্লিষ্ট ভাষা বা বিষয় পড়াতে সক্ষম হতে হবে। পাশাপাশি টিচার এলিজিবিলিটি টেস্ট (Teacher Eligibility Test – TET) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। যারা ইতিমধ্যেই টেট পাশ করেছেন, তারাও আবেদন করতে পারবেন। নির্বাচনের জন্য মোট ১০০ নম্বর নির্ধারিত হয়েছে এর মধ্যে টেট পরীক্ষার নম্বর ৮০ এবং শ্রেণিকক্ষে শিক্ষাদান ও সাক্ষাৎকারের জন্য ২০ নম্বর রাখা হয়েছে।
