Dental Disease: দাঁত ও মাড়ির সমস্যা কখন বিপদের লক্ষণ? জানুন চিকিৎসকের পরামর্শ

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া বা মুখে দুর্গন্ধ (Dental Disease)—এসবকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের মতে, এগুলি হতে পারে গুরুতর অসুখের প্রাথমিক লক্ষণ। সময়মতো খেয়াল না করলে দাঁত ও মাড়ির ক্ষতি তো হবেই, সঙ্গে শরীরেও জটিল রোগ বাসা বাঁধতে পারে।

আরও পড়ুন:Makeup Tips: দিনভর লাবণ্য বজায় রাখুন, শিখে নিন দীপিকার মতো ম্যাট মেকআপ করার সহজ উপায়

মাড়ি থেকে রক্তপাত ও দুর্গন্ধ

দিনে দু’বার ব্রাশ করেও যদি মাড়ি থেকে রক্তপাত হয় বা মুখে দুর্গন্ধ থেকে যায়, তবে এটি পেরিয়োডন্টাইটিসের ইঙ্গিত হতে পারে। এতে দাঁত ও মাড়ির চারপাশের কোষ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত যাঁদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই, তাঁদের এই সমস্যা বেশি দেখা যায়। তাই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

দাঁতের যন্ত্রণা ও মাড়ি ফুলে যাওয়া

ধূমপান, ডায়াবিটিস, অপুষ্টি বা কিছু ওষুধের অতিরিক্ত ব্যবহারের কারণে জিঞ্জিভাইটিস হতে পারে। এতে দাঁত শিরশির করে, মাড়ি লাল হয়ে যায় ও যন্ত্রণা কমে না। অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ব্রাশ করেও গন্ধ না যাওয়ার কারণ

দাঁত-মাড়ির সংক্রমণ ছাড়াও অম্বল, সাইনাস বা ভিটামিন ডি-র ঘাটতির কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। ভিটামিন ডি কম থাকলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়, ফলে দাঁতের সমস্যা আরও বাড়ে। তাই শুধু টুথপেস্ট বদলালেই সমাধান মিলবে না।

জিভের নীচে মাংসপিণ্ড বা আলসার

জিভের নীচে বা গালের ভেতরে ঘা হলে খাওয়া-দাওয়ায় সমস্যা হয়। সাধারণত ভিটামিন সি বা বি-এর অভাব, হরমোনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের কারণে এ রকম হতে পারে। তবে ক্ষত বাড়তে থাকলে এবং শক্ত হয়ে গেলে সতর্ক হতে হবে। কখনও কখনও এটি মুখগহ্বর ক্যানসারেরও লক্ষণ হতে পারে।

দাঁতের স্বাস্থ্য (Dental Disease) অবহেলা করা মানে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ানো। তাই দাঁতে ব্যথা, মাড়ি থেকে রক্তপাত, দুর্গন্ধ বা অস্বাভাবিক মাংসপিণ্ড দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের কাছে যান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole