Piyush Goyal: ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে অগ্রগতি, ‘গঠনমূলক বৈঠকে’ আশার আলো দেখছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত ও আমেরিকার (India America) মধ্যকার বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তির আলোচনা আবার গতি পাচ্ছে। দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে বলে জানালেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। সম্প্রতি দু’দিনের মার্কিন সফর সেরে ভারতে ফিরে এসে তিনি জানান, ওয়াশিংটনে (Washington) মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠক হয়েছে, তা ছিল অত্যন্ত ‘গঠনমূলক এবং আশাব্যঞ্জক’।

আরও পড়ুন: Shubhanshu Shukla: বিদায় ‘আকাশযোদ্ধা’! মিগ-২১ এর অন্তিম উড়ান, চোখ ভেজাল শুভাংশু শুক্লার স্মৃতি

বাণিজ্যমন্ত্রকের পক্ষ থেকেও একটি বিবৃতিতে জানানো হয়েছে, “ভারত ও আমেরিকার মধ্যে সম্ভাব্য বাণিজ্যচুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় পক্ষই এমন একটি রূপরেখা নিয়ে মতবিনিময় করেছে, যা দুই দেশকেই সমানভাবে উপকৃত করবে।” পীযূষ গোয়েলের (Piyush Goyal) এই সফরের মাধ্যমে স্পষ্ট, দু’দেশই এখন সম্পর্ক মজবুত করতে আগ্রহী। যদিও এখনও চূড়ান্ত চুক্তি হয়নি, তবু আলোচনার ধারা এবার সত্যিই কার্যকর দিকেই এগোচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের আমলে শুরু হওয়া বাণিজ্য-সংঘাতের জেরে ভারতকে আমদানি পণ্যে প্রায় ৫০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হয়। প্রথমে ২৫ শতাংশ এবং পরবর্তীকালে রুশ তেল আমদানির অজুহাতে আরও ২৫ শতাংশ। তবে তাতেও ভারত তার অবস্থান থেকে সরে আসেনি। নয়াদিল্লি মস্কো এবং বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে।

মূল জটিলতা অবশ্য কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি শিল্পকে কেন্দ্র করেই। আমেরিকা বারবার দাবি করে আসছে, এই তিনটি ক্ষেত্রে ভারতের বাজার তাদের জন্য উন্মুক্ত করতে হবে। কিন্তু এই শর্ত মানতে ভারত রাজি নয়, কারণ এতে দেশীয় কৃষকদের বিপুল ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর দিল্লিতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে প্রায় সাত ঘণ্টার বৈঠক হয়। তারই ধারাবাহিকতায় পীযূষ গোয়েলের (Piyush Goyal) ওয়াশিংটন সফর এবং সেখানকার ‘ইতিবাচক’ বার্তা এখন নতুন করে আশার সঞ্চার করেছে। চূড়ান্ত চুক্তি কবে হবে, তা সময় বলবে। তবে এতদিন পর আবার আলোচনার দরজা খোলা এবং দু’পক্ষের সদিচ্ছার প্রকাশ। এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole