নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম আলোচিত নাম পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে তিনি বিচারাধীন অবস্থায় রয়েছেন জেল হেফাজতে। এবার দুর্গাপুজোর (Durgapuja 2025) ঠিক আগে, ফের আলোচনার কেন্দ্রে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রশ্ন একটাই, এই পুজোতে কি জেলমুক্তি মিলবে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)?
আরও পড়ুন: TET Result: রাজ্যে শুরু হচ্ছে ১৩,৪২১ পদের নিয়োগ প্রক্রিয়া
আজ শুক্রবার, কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। সেই রায়ই নির্ধারণ করবে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পুজোর আলো দেখতে পারবেন কি না। ২০২২ সালের ২২ জুলাই ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা। এর পরই প্রবল চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। পরে সিবিআই-ও নিয়োগ দুর্নীতির পৃথক মামলায় গ্রেফতার করে পার্থকে। একাধিক মামলায় নাম জড়িয়ে পড়ে তার।
যদিও ইডির মামলায় দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কিন্তু অন্যান্য মামলা ঝুলে থাকায় জেল থেকে ছাড়া পাননি। নিম্ন আদালত থেকে একাধিক মামলায় জামিন মিললেও, এখনও মুক্তি অধরা। এই মামলায় পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়ে যাওয়ার পর, তাকে চার্জশিট থেকে বাদ দেয় সিবিআই। পার্থর আইনজীবীর যুক্তি, একই মামলায় অন্যান্য অভিযুক্ত জামিন পেলে, তার মক্কেল বঞ্চিত কেন? সিবিআই অবশ্য জানিয়েছে, পার্থ এই দুর্নীতির ‘মূল মাথা’ এবং তিনি মুক্তি পেলে তদন্ত প্রভাবিত হতে পারে।
গত ১৫ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হলেও, রায় স্থগিত ছিল। অবশেষে আজ সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করবেন বিচারপতি শুভ্রা ঘোষ। এখন রাজ্যবাসীর নজর একটাই জায়গায় তিন বছর পর কি সত্যিই জেলের বাইরে আসতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
