নিউজ পোল ব্যুরো: একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন রজত বেদী। ‘কোই মিল গয়া’ কিংবা ‘জানি দুশমন’-এর মতো ছবিতে তাঁকে দেখা গেলেও হঠাৎ করেই গ্ল্যামার দুনিয়া থেকে সরে যান তিনি। দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও দর্শকের সামনে হাজির হলেন রজত, আর তাঁর এই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠল নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ (Bads of Bollywood)। সিরিজ়ে জরজ সাক্সেনা চরিত্রে তাঁকে দেখা গিয়েছে, যা তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে আশ্চর্য রকমভাবে মিলে যায়।
আরও পড়ুন:Zubeen Garg: ৭০ কোটির সম্পত্তির মালিক জুবিন গর্গ, গাড়ি-বাইকের প্রতি ছিল অগাধ টান
রজতের শেষ সিনেমা ছিল ২০০৭ সালে সলমন খান ও গোবিন্দ অভিনীত ‘পার্টনার’। তার পর যেন বলিউড থেকে হারিয়েই গিয়েছিলেন তিনি। আরিয়ান খানের পরিচালনায় তৈরি ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ (Bads of Bollywood) সিরিজ়ে অভিনয় করে শুধু দর্শকের মন জয় করেননি, বরং আইএমডিবি-র জনপ্রিয়তার তালিকায় এক লাফে নবম স্থানে উঠে এসেছেন। গত সপ্তাহ পর্যন্ত যেখানে তিনি ছিলেন ৯৫৪ নম্বরে, সেখান থেকে এই উত্থান যে তাঁর জন্য বিরাট প্রাপ্তি, তা বলাই বাহুল্য। অভিনেতা নিজেও খোলাখুলি স্বীকার করেছেন শাহরুখ ও আরিয়ানের প্রতি তাঁর কৃতজ্ঞতা। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “খান পরিবারের কাছে আমি চিরকৃতজ্ঞ। বিশেষ করে শাহরুখ, যিনি সবসময় পাশে থেকেছেন। আর আরিয়ান আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন বলে আমি সত্যিই ধন্য।”
এখন রজতের আশা, এই চরিত্রকে আরও বড় পরিসরে ফুটিয়ে তোলা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় সিজ়নের চিত্রনাট্য। অভিনেতার দাবি, “আমি জানি দর্শক জরজকে আরও দেখতে চান। ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ (Bads of Bollywood) দ্বিতীয় সিজ়নে আরও বড় আকারে ফিরবে। আশা করছি আগামী বছরই তা দর্শকরা দেখতে পাবেন।” ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ (Bads of Bollywood) মুক্তির পর ফের আলোচনায় উঠে এসেছেন রজত বেদী। বহু বছর পর এই কামব্যাক যে তাঁকে একেবারে নতুন করে প্রতিষ্ঠিত করেছে, সে নিয়ে আর কোনও সন্দেহ নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
