Durga Puja 2025: দুর্গাপুজোর পাঁচ দিনে মানুন সাত সহজ টোটকা, দেবীর কৃপা থাকবে বছরভর

Life style

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja 2025) বাঙালির আবেগ, সংস্কৃতি এবং বিশ্বাসের এক অন্যতম উৎসব। কাশফুলে সাজানো মাঠ, ঢাকের শব্দ আর মণ্ডপে ভিড়—এই পাঁচ দিনের অপেক্ষায় বছরভর দিন গুনে থাকেন অনেকে। দেবীর আরাধনা শুধু পুজোর আচারেই সীমাবদ্ধ নয়, বরং এই সময়ে কিছু বিশেষ টোটকা মানলে জ্যোতিষমতে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। বিশ্বাস করা হয়, দুর্গাপুজোর দিনগুলিতে করা টোটকা সবচেয়ে ফলপ্রসূ হয় এবং দেবীর আশীর্বাদ সারাবছর সঙ্গ দেয়।

আরও পড়ুন: Weather Update :ষষ্ঠী থেকে শুরু ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গের ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

সাতটি টোটকা

১. কলাগাছের পুজো
পঞ্চমীর দিনে বাড়ির উঠোনে বা টবে একটি ছোট কলাগাছ রোপণ করুন। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত গাছে হলুদ ও সিঁদুরের ফোটা দিন এবং ধূপ, দীপ, নৈবেদ্য দিয়ে নিয়মিত পুজো করুন। এতে সংসারে সমৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যে উন্নতি আসে বলে মনে করা হয়।

২. কর্পূর জ্বালানো
পুজোর পাঁচ দিন প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে কর্পূর জ্বালান। বিশেষত অষ্টমীর দিনে মায়ের সামনে কর্পূর প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এটি পরিবেশ পবিত্র করার পাশাপাশি ইতিবাচক শক্তি বাড়ায়।

৩. লবঙ্গ ও কর্পূর
ষষ্ঠীর সন্ধ্যায় একটি ছোট পাত্রে দুটো লবঙ্গ ও কিছুটা কর্পূর একসঙ্গে জ্বালান। যে ছাই হবে তা বাড়ির বাইরে ফেলে দিন। বাস্তুদোষ দূর করতে এটি কার্যকরী বলে মনে করা হয়।

৪. প্রদীপে আরতি
পুজোর এই কয়েক দিন প্রতিদিন একটি মাটির প্রদীপে ঘি দিয়ে আরতি করুন। সকাল বা সন্ধ্যা, যেকোনও সময়ে আরতি করা যায়। আরতির সময় মনে মনে নিজের ইচ্ছা দেবীকে জানাতে পারেন।

৫. বিশেষ ফুল অর্পণ
অঞ্জলি দেওয়ার সময় পদ্ম ও অপরাজিতা ফুল মাকে নিবেদন করা শুভ মনে করা হয়। এই ফুল দেবীর বিশেষ পছন্দ বলে বিশ্বাস রয়েছে।

৬. শিশুদের নতুন পোশাক
যদি বাড়িতে শিশু থাকে, ষষ্ঠীর দিন সকালে তাকে স্নান করিয়ে নতুন পোশাক পরান। এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়।

৭. অতিথি আপ্যায়ন
পুজোর সময়ে বাড়িতে আসা অতিথিকে খালি মুখে ফেরাবেন না। অল্প হলেও কিছু খাওয়ানো অত্যন্ত শুভ। এটি গৃহস্থের সমৃদ্ধি ও পারিবারিক সৌহার্দ্য বজায় রাখে।

দুর্গাপুজো (Durga Puja 2025) কেবল আনন্দ আর উৎসব নয়, ভক্তিরও সময়। এই পাঁচ দিনে সহজ কিছু টোটকা পালন করলে শুধু দেবীর আশীর্বাদই মেলে না, জীবনে ইতিবাচক পরিবর্তনও আসে বলে বিশ্বাস। সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য পেতে পুজোর সঙ্গে সঙ্গে এই টোটকাগুলি মেনে চলতে পারেন আপনিও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole