Jeet: শুটিং পিছিয়ে গেল জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: জিৎ (Jeet) ফের একবার চরিত্রের ছক ভাঙতে চলেছেন। ‘সুপারহিরো’ ট্যাগ ছেড়ে এ বার তিনি বিপ্লবী অবতারে। পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে অনন্ত সিংহের চরিত্রে দেখা যাবে জিৎ-কে। কিন্তু ছবির প্রথম শুটিং যা শুরু হওয়ার কথা ছিল ৫ সেপ্টেম্বর, তা পিছিয়ে গিয়েছে। টলিপাড়ায় গুঞ্জন, অতিরিক্ত বাজেটের কারণে নাকি এই সিদ্ধান্ত। কেউ কেউ বলছেন, প্রযোজকের ঘরেই নাকি ‘ডাকাতি’ করেছেন জিৎ (Jeet)

আরও পড়ুন:Dev: ছবির প্রচারের ভিড়েও থামেনি মানবিকতা, অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন দেব!

তবে পরিচালক পথিকৃৎ বসু এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন “বাংলা ছবির বাজেট সম্পর্কে আমি ভালোই জানি। আমার কোনও ছবিই বাজেট সমস্যায় পিছোয়নি।” তিনি আরও জানিয়েছেন, “রেড রোডে পুজোর কার্নিভাল হওয়ায় রাজ্য প্রশাসন শুটিংয়ের অনুমতি দেয়নি। সেই কারণেই কয়েক সপ্তাহ পিছিয়েছে কাজ।” জানা গিয়েছে, সব ঠিক থাকলে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর শুটিং শুরু হবে আগামী ২৫ অক্টোবর থেকে।

এই ছবিতে আরও অনেক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। প্রথমবার জিৎ (Jeet)-এর সঙ্গে পর্দা ভাগ করবেন টোটা রায়চৌধুরী। শোনা যাচ্ছে, টোটার চরিত্রে আগে আবীর চট্টোপাধ্যায়ের নাম ভেবেছিলেন নির্মাতারা। পরাধীন ভারতের পটভূমিকায় তৈরি এই জীবনীচিত্রে এক দোর্দণ্ডপ্রতাপ পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্য দিকে, জিৎ (Jeet)-এর ছবির গানে প্রথমবার সুর দেবেন শান্তনু মৈত্র, যিনি ইতিমধ্যেই এই সহযোগিতার জন্য উচ্ছ্বসিত। বিপ্লব, দেশপ্রেম, সংঘাত আর নায়কের আত্মত্যাগ— এই উপাদান নিয়েই টলিউডে ফিরতে চলেছেন জিৎ (Jeet)। এখন অপেক্ষা শুধু ক্যামেরা চালুর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole