নিউজ পোল ব্যুরো: উৎসবের দিনগুলি শেষ। পুজোর (Durga Puja) আনন্দ, খাওয়া-দাওয়া, ঘোরা আর রাত জাগার পর এখন কাজে ফেরার সময়। কিন্তু সমস্যা একটাই—মন যেন আর কাজে বসতে চায় না! সকালবেলা ঘুম ভাঙলেও শরীর ভারী, মন ক্লান্ত, আর উৎসাহ প্রায় উধাও। এই পোস্ট-হলিডে ফ্যাটিগ বা উৎসব-পরবর্তী আলস্য কাটিয়ে ওঠার কিছু সহজ উপায় জেনে নিন।
আরও পড়ুন:Japan: জাপানের ইতিহাসে নতুন সূর্যোদয়, প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
দিনটা শুরু করুন নিজের ভাল লাগা দিয়ে
ভাল একটা দিন শুরু করতে চাইলে সকালটা হতে হবে প্রাণবন্ত। চোখ খুলেই ফোনে না ঝুঁকে নিজের প্রিয় কিছু কাজ দিয়ে দিন শুরু করুন। কেউ সকালে গান শোনেন, কেউ শরীরচর্চা করেন, কেউ আবার গাছপালা পরিচর্যা করে আনন্দ পান। নিজের ঘর গুছিয়ে নেওয়া বা হালকা হাঁটাও মন ভালো রাখে। এতে দিনের শুরু থেকেই শরীর ও মন দু’টোই চনমনে থাকে, যা আপনাকে সারাদিনের কাজে উত্সাহ দেবে।
ধীরে ধীরে রুটিনে ফিরে আসুন
দীর্ঘ ছুটির পর হঠাৎ ব্যস্ত সময়সূচিতে ফেরা অনেকের পক্ষেই কঠিন। তাই প্রথম দিনেই একগাদা কাজের চাপ নেবেন না। ধীরে ধীরে রুটিনে ফেরার চেষ্টা করুন। আগে থেকে কাজের অগ্রাধিকার ঠিক করে নিন—কোন কাজটি আগে করবেন, কোনটি পরে। একটানা বেশি সময় কাজ না করে মাঝে ছোট বিরতি নিন। পছন্দের গান শুনতে পারেন, ডেস্ক একটু সাজিয়ে নিতে পারেন—এই ছোট বদলেই মনোযোগ বাড়বে এবং ক্লান্তি কমবে।
মেডিটেশন ও যোগাভ্যাস রাখুন রোজকার অভ্যাসে
ছুটি কাটিয়ে কাজে ফেরার সময় মন প্রায়ই অস্থির হয়ে পড়ে। তাই প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট মেডিটেশন করুন। শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখার সহজ ব্যায়াম বা প্রাণায়াম মন শান্ত করতে সাহায্য করে। হালকা যোগব্যায়াম করলে শরীরের ভারসাম্যও ফেরে, ক্লান্তি কমে যায় দ্রুত।
ঘুম ও খাদ্যাভ্যাসের দিকে নজর দিন
পুজোর (Durga Puja) সময়ে রাত জাগা, অনিয়মিত খাবার খাওয়ার অভ্যাস কাজের সময় সমস্যা তৈরি করে। তাই নিয়মিত ঘুমের সময় বজায় রাখুন। পর্যাপ্ত জল পান করুন, হালকা ও পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে শরীর হালকা লাগবে, মনও হবে তরতাজা।
নিজেকে সময় দিন
সব শেষে, মনে রাখবেন—ছুটির পর কাজের মোডে ফিরতে সময় লাগে। নিজেকে দোষারোপ না করে ধীরে ধীরে গতি ফিরিয়ে আনুন। কাজের ফাঁকে নিজেকে কিছুটা সময় দিন, প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটান।
এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে আলস্য কাটবে সহজেই, শরীর-মন দু’টোই হবে চাঙ্গা, আর উৎসব-পরবর্তী ক্লান্তি বদলে যাবে নতুন উদ্যমে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
