নিউজ পোল ব্যুরো: পুজোর সাজে রঙিন পোশাকের সঙ্গে মানানসই নানা রকম গয়না না পরলেই নয়! কিন্তু উৎসবের ক’দিন শেষে অনেকেরই দেখা দেয় অস্বস্তিকর সমস্যা— ঘাড়, গলা বা হাতে লালচে দাগ, র্যাশ বা কালচে ছোপ। আসলে এই সমস্যা ‘নিকেল অ্যালার্জি’ (Nickel Allergy) নামের এক ধাতব সংবেদনশীলতার কারণে হয়। চিকিৎসকেরা একে ‘কনট্যাক্ট ডার্মাটাইটিস’-ও বলেন। সাধারণত জাঙ্ক বা অক্সিডাইজ়ড গয়না, ঘড়ি, চুড়ি, এমনকি বেল্টের ধাতব বকল থেকেও এই অ্যালার্জি দেখা দেয়।
আরও পড়ুন:Cough Syrup death : কাফ সিরাপ খেয়ে শিশুর মৃত্যু ও দায়িত্ব
কেন হয় নিকেল অ্যালার্জি (Nickel Allergy)?
গয়নার ধাতব অংশে উপস্থিত নিকেল, কোবাল্ট বা তামা শরীরের ঘামের সংস্পর্শে এসে ত্বকে প্রতিক্রিয়া ঘটায়। এর ফলে ত্বকে প্রদাহ, চুলকানি, জ্বালাভাব ও ছোট ছোট ফোস্কা দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে গলা বা হাতে কালচে দাগ স্থায়ী হয়ে যায়।
‘জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজি’-র গবেষণা বলছে, সূর্যের আলো বা অতিবেগুনি রশ্মির প্রভাবে এই ধরনের ধাতব অ্যালার্জি আরও তীব্র হতে পারে। এমন অবস্থাকে বলা হয় ‘ফোটোডার্মাটোস’ বা ‘ফোটোসেনসিটিভ ডিজঅর্ডার’।
কী ভাবে কমানো যায় এই অ্যালার্জি?
পেপারমিন্ট তেল:
অ্যালার্জির জায়গায় অল্প পরিমাণ পেপারমিন্ট তেল লাগালে প্রদাহ ও জ্বালা অনেকটাই কমে যায়। এটি ত্বকে ঠান্ডা ভাব এনে আরাম দেয়।
অ্যাপল সাইডার ভিনিগার:
এক কাপ জলে ২-৩ ফোঁটা ভিনিগার মিশিয়ে তুলোয় করে র্যাশের জায়গায় লাগালে ত্বকের প্রদাহ দ্রুত হ্রাস পায়।
শিয়া বাটার ও নারকেল তেল মিশ্রণ:
আধ কাপ শিয়া বাটার ও নারকেল তেল একসঙ্গে গরম করে ঠান্ডা হলে তাতে কয়েক ফোঁটা ভিটামিন এ তেল ও ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে অ্যালার্জির দাগ মুছে যাবে।
দই ও মধুর প্যাক:
দই ও মধু দু’টিরই অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে। এক চামচ মধু ও দুই চামচ দই মিশিয়ে র্যাশের জায়গায় লাগালে জ্বালাভাব ও কালচে দাগ কমে যায়।
প্রতিরোধই সবচেয়ে কার্যকর
* গরমে ঘামলে গয়না পরে দীর্ঘক্ষণ থাকবেন না।
* গয়না পরার আগে ত্বকে সামান্য ভ্যাসলিন লাগাতে পারেন। এতে ধাতু সরাসরি ত্বকের সংস্পর্শে আসে না।
* সোনার বা রুপোর গয়নাও মাঝে মাঝে ত্বকে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই অ্যালার্জির প্রবণতা থাকলে সব ধরনের ধাতব অলঙ্কার এড়িয়ে চলাই শ্রেয়।
নিকেল অ্যালার্জি সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও যত্ন নিলে সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই পুজোর পরেও গয়না পরুন নিশ্চিন্তে— শুধু একটু সচেতন থাকলেই সৌন্দর্যের সঙ্গে থাকবে স্বাস্থ্যের যত্নও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
