Toll Tax: এবার FASTag ছাড়া টোল দিতে গুনতে হবে বাড়তি টাকা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এতদিন টোলপ্লাজায় পৌঁছালে গাড়িচালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হত। নগদ অর্থে (Cash Payment) টোল দেওয়ার ঝামেলায় সময় নষ্ট হতো এবং যানজট তৈরি হতো। সেই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে কেন্দ্রীয় সরকার কয়েক বছর আগে চালু করেছিল (FASTag) ব্যবস্থা। এই ডিজিটাল টোল পেমেন্ট (Toll Tax) সিস্টেমের মাধ্যমে টোলপ্লাজায় গাড়ি প্রবেশ করলেই সেন্সর স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ট্যাগ স্ক্যান করে নির্দিষ্ট টাকা কেটে নেয়। ফলে লাইনে দাঁড়ানোর ঝামেলা কিংবা নগদ টাকার ঝুটঝামেলা থেকে মুক্তি মিলেছে চালকদের।

আরও পড়ুন:Kolkata Metro: কলকাতা মেট্রো পুজো স্পেশাল যাত্রার পরিসংখ্যান

সরকার জানিয়েছে, বর্তমানে দেশের প্রায় ৯৮ শতাংশ টোলপ্লাজায় (Toll Collection) প্রক্রিয়া এখন ফাসট্যাগ নির্ভর। তবে এখনও অনেক গাড়ি ফাসট্যাগবিহীন। সেইসব গাড়ির মালিকদের জন্য এবার নতুন নিয়ম আনল কেন্দ্র। চলতি বছরের ১৫ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হতে চলেছে **ন্যাশনাল হাইওয়েজ ফি (ডিটারমিনেশন অব রেটস অ্যান্ড কালেকশন) (তৃতীয় সংশোধন) আইন, ২০২৫**। এই আইনে বলা হয়েছে, ফাসট্যাগ ছাড়া কোনও গাড়ি টোলপ্লাজায় প্রবেশ করলে তাদের অতিরিক্ত খরচ গুনতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী—

* কেউ যদি ফাসট্যাগ ছাড়া গাড়ি নিয়ে টোলপ্লাজায় গিয়ে (UPI Payment) করেন, তাহলে আসল টোলের ১.২৫ গুণ অর্থাৎ ২৫% বেশি টাকা দিতে হবে।

* আর যদি নগদ টাকায় (Cash Payment) টোল দিতে চান, তাহলে দিতে হবে দ্বিগুণ (Double Toll Tax)।

উদাহরণস্বরূপ, যদি কোনও টোলপ্লাজার ফি ১৫০ টাকা হয়, তবে ফাসট্যাগবিহীন গাড়ির মালিক নগদ টাকায় দিলে ৩০০ টাকা দিতে হবে। আবার অনলাইন (Online Payment) বা ইউপিআই দিয়ে দিলে গুনতে হবে ১৮৭.৫০ টাকা। অর্থাৎ, ক্যাশ ট্রান্সঅ্যাকশনকে নিরুৎসাহিত করতে এবং ডিজিটাল ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

সরকারের দাবি, এই নিয়ম কার্যকর হলে টোলপ্লাজায় স্বচ্ছতা (Transparency) আসবে, কালেকশন প্রক্রিয়া হবে আরও আধুনিক, এবং যানজট (Traffic Congestion) অনেকটাই কমবে। এতে যাত্রীদেরও সময় বাঁচবে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (NHAI) জানিয়েছে, দেশের যেসব গাড়িতে এখনও ফাসট্যাগ লাগানো হয়নি, তাদের দ্রুত এই ব্যবস্থায় যুক্ত হতে হবে। নইলে ১৫ নভেম্বরের পর থেকে টোল দিতে গিয়ে চালকদের দ্বিগুণ বা অতিরিক্ত খরচ গুনতে হবে। অর্থাৎ, এখনই সময় ফাসট্যাগ নেওয়ার— না হলে বাড়তি টোল ট্যাক্স (Toll Tax) চাপ পড়বে সরাসরি গাড়িচালকদের পকেটে।