নিউজ পোল ব্যুরো: মোহনবাগানের (Mohun Bagan vs Gokulam Kerala) ম্যাচ হচ্ছে গ্যালারি ফাকা। এরকম দৃশ্য শেষ কয়েক বছরে দেখা যায়নি। তবে বৃহস্পতিবারের কিশোর ভারতী সেই দৃশ্যই দেখল। দুপুর ২টোর পর থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গেটে ‘গো ব্যাক এমবিএসজি(MBSG) ম্যানেজমেন্ট’ পোস্টার। তখনও মাঠে দুই দলের ফুটবলাররা গা ঘামাচ্ছেন। প্রায় জনা দশেক সমর্থক গ্যালারিতে পোস্টার নামালেন, ‘লজ্জা’, ‘কাপুরুষদের সবুজ মেরুন জার্সিতে কোনও জায়াগা নেই।’ পুলিশ এসে নিয়ে নিল তাদের পোস্টার। প্রায় ফাঁকা গ্যালারিতে শুরু হল ম্যাচ। এরপর ধীরে ধীরে কিছু লোক বাড়ল। মাঠে মোহনবাগানের থিম সং(Theme Song) বাজছে। কিন্তু সেই থিম সং-কে টেক্কা দিচ্ছে বাগান সমর্থকদের গো ব্যাক স্লোগান। ম্যাচ চলাকালীন মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্টের বিরুদ্ধে লাগাতার গো ব্যাক স্লোগান দিলেন সমর্থকরা। তবে দলের খেলাতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে মাঠ ছাড়বেন সমর্থকরা। গোকুলাম কেরালাকে (Gokulam Kerala) ৫-১ গোলে হারাল মোহনবাগান।

ম্যাচে রবসন (Roboson Robinho) ম্যাজিকও থামাতে পারেনি সমর্থকদের ‘গো ব্যাক’ স্লোগান। ম্যাচের ১১ মিনিটে রবসনের কর্ণার থেকে অ্যালবার্তোর(Alberto Rodriguez) গোলে এগিয়ে যায় মোহনবাগান। ২৭ মিনিটে রবসনের পাস থেকে দূরপাল্লার শটে দুর্ধর্ষ গোল করেন ম্যাকলারেন। মোহনবাগান যে আইএসএল(ISL) চ্যাম্পিয়ন এবং গোকুলাম কেরালা নেহাতই আইলিগের দল তা বোঝা গেল প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল গোকুলাম। আপুইয়ার ভুলে সেই চাপের ফল পেয়ে যায় তারা।
৪৮ মিনিটে এডুয়ার্ডো মার্টিনেজের ক্রস থেকে আপুইয়ার আত্মঘাতী গোলে ফলাফল ২-১ হয়। ৫১ মিনিটে রবসনের পাস থেকে অ্যালবার্তো রড্রিগেজের হেডে তাঁর দ্বিতীয় গোল করলেন। ৫৪ মিনিটে ম্যাকলারেনের পাস থেকে রবসন গোল করেন। গোটা ম্যাচ জুড়েই নজর কাড়লেন বাগানের ব্রাজিলিয়ান তারকা। এরপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে অ্যালবার্তো রড্রিগেজকে তুলে জেসন কামিংসকে নামালেন মোলিনা। এছাড়াও অনিরুদ্ধ থাপার (Anirudhdha Thapa) পরিবর্তে এলেন অভিষেক সূর্যবংশী। ৭৫ মিনিটে অভিষেক সিং টেকচামের পাস থেকে ম্যাকলারেন বল হালকা এগিয়ে দিয়ে গোল ঢুকিয়ে দেন।

পাঁচ গোলের ম্যাচেও নিরব রইলেন ফুটবলাররা। তাদের দুরন্ত পারফরম্যান্সও মন গলাতে পারেনি সমর্থকদের। তাই গোল করেও কোনও সেলিব্রেশন করলেন না ম্যাকলারেন( Maclaren)-অ্যালবার্তোরা। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনেও এল না মোহনবাগান (Mohun Bagan)। অভিমান! ম্যানেজমেন্ট থেকে ফুটবলারদের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
