নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের তৎপর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল হতেই কলকাতা ও তার আশপাশের অন্তত ১০টি স্থানে চমকপ্রদ অভিযান চালাল ইডি। মূলত পুরনিয়োগ দুর্নীতি মামলাকে ঘিরেই এই অভিযান বলে সূত্রের খবর। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, রাজ্যের দমকলমন্ত্রী এবং তৃণমূল নেতা সুজিত বসুর (Sujit Bose) অফিসে পৌঁছেছে ইডি (ED) আধিকারিকরা। একইসঙ্গে তল্লাশি চলছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত-র বাড়িতেও।
আরও পড়ুন: Fund for Bengal: রাজ্যকে পঞ্চায়েত উন্নয়নে বড় বরাদ্দ, কেন্দ্র দিল ৬৮০ কোটি টাকা
শহরের নাগেরবাজার, ঠনঠনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুর, গিরিশ পার্ক সহ একাধিক এলাকায় চলছে একযোগে অভিযান। নাগেরবাজারের শ্যামনগর রোডের শোভনা অ্যাপার্টমেন্টে আজ সকালে পৌঁছায় ইডির দল। সূত্রের খবর, সেখানেই থাকেন জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপু দে তার বিরুদ্ধেও তদন্তে নেমেছে ইডি (ED)। দীপক দে শুধু স্কুলই নয়, প্রোমোটিং ও রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও যুক্ত। অভিযোগ, শাসকদলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে অল্প সময়ে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন।
অভিযানের সময় দীপক দে বাড়িতেই ছিলেন বলে জানা গেছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। দরজা না খোলায় শুরুতে সিআরপিএফ ও ইডি আধিকারিকদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। অন্যদিকে, নিউ আলিপুরে হাইকোর্টের আইনজীবী অমিত আগরওয়াল এর বাড়িতেও চলছে ইডির হানা। একইসঙ্গে, গিরিশ পার্ক এলাকার ৮এ সরকার লেনে বিশাল পাতোরিয়া নামে এক সিএ-র বাড়িতেও অভিযান। তিনি স্টক ব্রোকার হিসেবে কাজ করেন, তাঁর বিরুদ্ধেও রয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ। সূত্রের খবর, এই অভিযান চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।
তৃণমূলের (TMC) বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা নতুন মাত্রা নিচ্ছে। পুজো পরবর্তী এই আচমকা অভিযানে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য। তৃণমূল যদিও এই তদন্তকে প্রতিহিংসার রাজনীতি বলেই ব্যাখ্যা করছে। এখন দেখার, এই তল্লাশি রাজ্য রাজনীতিতে নতুন কোন ঢেউ তোলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
