নিউজ পোল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) সম্প্রতি নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মা হওয়ার পর থেকে নিজের কাজের সময়সীমা ঠিক করে দিয়েছেন তিনি— দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। পেশাগত জীবনে ভারসাম্য রাখতে চাওয়ার এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে তীব্র আলোচনা। এই সিদ্ধান্তের ফলেই নাকি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা।
আরও পড়ুন: Child Depression : শিশুরাও ভোগে মানসিক চাপে! অভিভাবকের সচেতনতােই হতে পারে সুরক্ষার প্রথম ধাপ
সূত্রের খবর, ছবির প্রযোজক সংস্থা দীপিকার (Deepika Padukone) জায়গায় এখন আলিয়া ভট্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। সিকুয়েলের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘সুমতী’-র ভূমিকায় আলিয়াকে দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে নির্মাতা সংস্থা বা আলিয়া কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
প্রযোজকদের মতে, এই প্রজেক্টে কাজ করার জন্য সম্পূর্ণ দায়বদ্ধতা প্রয়োজন। দীর্ঘ শুটিং সিডিউল মেনে কাজ করা সম্ভব না হলে, বড় বাজেটের ছবিতে সমস্যা দেখা দেয়। এই কারণেই দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
বৃহস্পতিবার রাতে নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক মাধ্যমে মুখ খোলেন দীপিকা। তাঁর বক্তব্য, “আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি যারা দিনে আট ঘণ্টা কাজ করেন বা সপ্তাহান্তে একেবারেই কাজ করেন না। তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু একজন মহিলা একই দাবি করলেই বিতর্ক শুরু হয়।”
অভিনেত্রীর এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ। চার বছরের সন্তানের মা ইকরা সমাজমাধ্যমে লেখেন, “একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে চাইছে— এটি তো প্রশংসনীয়। দীপিকা কাজের প্রতিশ্রুতি ভাঙছেন না, বরং নিজের সীমা স্পষ্টভাবে জানাচ্ছেন। তাঁকে সহকর্মীদের সমর্থন করা উচিত।”
দীপিকার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এখন বলিউডে জোর আলোচনা শুরু হয়েছে। একাংশ মনে করছেন, মাতৃত্বের পর কাজের শর্ত নিয়ে দীপিকার এই দৃঢ় অবস্থান অনেক মহিলার পক্ষে প্রেরণার। অন্যদিকে, কেউ কেউ বলছেন, বড় প্রজেক্টে সময়ের সীমা আরোপ করলে কাজের মান প্রভাবিত হতে পারে।
তবে একথা অস্বীকার করার উপায় নেই— দীপিকা পাড়ুকোন আবারও প্রমাণ করলেন, তিনি শুধু গ্ল্যামার নয়, সাহসের প্রতীকও। নারী শিল্পীদের জন্য কর্মক্ষেত্রে সম্মান ও ভারসাম্য রক্ষার প্রশ্নে তাঁর এই অবস্থান এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
