নিউজ পোল ব্যুরো: ডিম (egg) এমন এক খাবার যা পুষ্টিগুণে ভরপুর এবং প্রায় সবারই দৈনন্দিন খাদ্যতালিকায় থাকে। একটি মাঝারি আকারের ডিমে প্রায় ৭৮ ক্যালোরি ও ৬ গ্রাম প্রোটিন থাকে। সস্তা, সহজলভ্য এবং পুষ্টিকর হওয়ায় সকালের নাশতা থেকে রাতের খাবার পর্যন্ত বিভিন্ন রূপে এটি খাওয়া হয়। তবে অনেকেই জানেন না, কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে ডিম খেলে শরীরে নানা রকম হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ অভ্যাসই বদহজম, অম্বল বা গ্যাসের কারণ হয়ে দাঁড়ায়।
কলা
সকালের নাশতায় ডিম, পাউরুটি ও কলা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু পুষ্টিবিদদের মতে, ডিমের প্রোটিন ও কলার পটাশিয়াম একসঙ্গে হজম করা পাকস্থলীর পক্ষে কঠিন। এতে গ্যাস, অম্বল, এমনকি ভারভাবের সমস্যাও দেখা দিতে পারে। তাই ডিম খাওয়ার পরপরই কলা না খেয়ে, দু’ঘণ্টা বিরতি রেখে খাওয়াই ভালো।
পনির
ডিম (egg) ও পনির দুই-ই উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। একসঙ্গে খেলে শরীরে প্রোটিনের অতিরিক্ত চাপ তৈরি হয়, ফলে হজমে সমস্যা ও ক্যালোরির মাত্রা বেড়ে যেতে পারে। ওজন বৃদ্ধি ও গ্যাসের সমস্যা এড়াতে ডিমের সঙ্গে পনির না খাওয়াই শ্রেয়।
সয় মিল্ক বা দুধ
অনেকে প্রোটিনের জন্য সকালে ডিমের সঙ্গে দুধ বা সয় মিল্ক খান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এতে ডিমের জিঙ্ক ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজের শোষণ ব্যাহত হয়। সয় মিল্কে থাকা কিছু যৌগ হজম প্রক্রিয়া ধীর করে দেয়, ফলে গ্যাস ও অম্বলের সমস্যা বাড়ে।
মাংস
ডিম ও মাংস দুটোই প্রোটিনসমৃদ্ধ খাবার। তাই একসঙ্গে খেলে হজমে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। শরীরে অতিরিক্ত প্রোটিন জমে গেলে তা কিডনির ওপরও চাপ ফেলতে পারে। ডিম ও মাংস আলাদা সময়ে খাওয়াই শরীরের পক্ষে উপকারী।
চা
সকালের নাশতায় চা ও ডিম—এই সংমিশ্রণ অনেকের প্রিয়। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, চায়ের ট্যানিন ডিমের প্রোটিন ও আয়রন শোষণ বাধাগ্রস্ত করে। এতে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। তাই চা খাওয়ার অন্তত দেড় ঘণ্টা আগে বা পরে ডিম খাওয়া উচিত।
আয়রন সাপ্লিমেন্ট
ডিম খাওয়ার পরই আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে তা শরীরের শোষণে বাধা দেয়। এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয় এবং পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
ডিমের মতো পুষ্টিকর খাবার সঠিকভাবে খেলে শরীরের জন্য আশীর্বাদ, কিন্তু ভুল সংমিশ্রণে খেলে তা হজমের গোলমাল, অম্বল ও ক্লান্তির কারণ হয়ে উঠতে পারে। তাই ডিমের সঙ্গে কলা, দুধ, মাংস, পনির বা চা একসঙ্গে খাওয়ার অভ্যাস ত্যাগ করুন, সুস্থ থাকুন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
