নিউজ পোল ব্যুরো:দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী নির্যাতনের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি।আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় ক্ষোভ না মিটতেই ফের নতুন বিতর্কের কেন্দ্র দুর্গাপুর।বিরোধীদের লাগাতার সমালোচনার মাঝে নীরবতা ভেঙে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Durgapur incident)।ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন,-বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকেও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য,-রাতে মেয়েদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/12/mamata-banerjee-honours-8-heroes-north-bengal-flood-relief/
উত্তরবঙ্গে বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,-“পুলিশকে জিজ্ঞেস করুন,আমাকে নয়।এটা একটি বেসরকারি কলেজের ঘটনা।কেউই সমর্থন করছে না।তিন সপ্তাহ আগে ওড়িশায় তিনটি মেয়ের উপর এমনই অত্যাচার হয়েছিল।তখন ওড়িশা সরকার কী করেছে!বাংলায় মহিলাদের সঙ্গে কিছু হলে আমরা তা কখনও হালকাভাবে নিই না।বিষয়টি অত্যন্ত গুরুতর।”
মমতার (Mamata Banerjee Durgapur incident) বক্তব্য,-“ঘটনাটা আমাকে স্তম্ভিত করেছে।মেয়েটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী।রাত ১২টা ৩০ মিনিটে বাইরে গেল কী করে!আমি যতদূর জানি,ঘটনাস্থল জঙ্গলের কাছে।ঠিক কীভাবে ঘটনা ঘটেছে,তা খতিয়ে দেখা হচ্ছে।বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে আরও সতর্ক হতে হবে,ছাত্রছাত্রীদের খেয়াল রাখতে হবে।বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, রাতের বেলায় বাইরে বেরোতে না দেওয়াই উচিত।নিজেদেরও সতর্ক থাকতে হবে।দোষী কেউ রেহাই পাবে না,কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ।মুখ্যমন্ত্রী জানান,-“মেয়েটির বয়ানের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।আমরা কঠোর পদক্ষেপ করব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া।রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,-“মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।মেয়েদের নিরাপত্তা দিতে না পেরে এখন তাঁদের উপরই দায় চাপাচ্ছেন তিনি।মুখ্যমন্ত্রী হিসেবে এই মন্তব্য লজ্জাজনক।”
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,-“মুখ্যমন্ত্রী কার্যত মেনে নিয়েছেন যে পশ্চিমবঙ্গ আর নিরাপদ রাজ্য নয়।ক’দিন আগেই বলেছিলেন,কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর।আজ তাঁর নিজের কথায় তা ভুল প্রমাণিত হল।মেয়েদের রাতের স্বাধীনতা নিয়ে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সমাজে ভুল বার্তা দেয়।”
রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় সরকার ইতিমধ্যেই চাপে।এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন,-রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে,এবং যেই দোষী প্রমাণিত হবে,তাকে কোনওভাবেই ছাড়া হবে না।
