নিউজ পোল ব্যুরো:জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় ফের নিরাপত্তা ইস্যুতে সরব বিজেপি। এর আগেও উত্তরবঙ্গে সফরকালে আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari security)। পরপর একাধিক হামলার ঘটনার পর এবার শুভেন্দুর নিরাপত্তা আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে ইতিমধ্যেই শুভেন্দুর নিরাপত্তা বাড়ানোর বিষয়ে প্রাথমিক নির্দেশ জারি হয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/12/odisha-father-seeks-to-move-daughter-from-durgapur-assault-case/
২০২০ সালের ১৯ ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari security)। সেই সময় থেকেই তিনি কেন্দ্রীয় নিরাপত্তার আওতায়। প্রথমে ওয়াই-প্লাস ক্যাটেগরি থাকলেও, পরবর্তীকালে রাজ্যজুড়ে বিভিন্ন আক্রমণ ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম মুখ হিসেবে শুভেন্দু দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মসূচিতে যোগ দিচ্ছেন — মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, উত্তরপ্রদেশ, দিল্লি সহ একাধিক রাজ্যে। ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে তাঁকে সর্বভারতীয় জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, এখন থেকে দেশজুড়েই তিনি জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উল্লেখযোগ্য, গত ৫ অগস্ট কোচবিহার সফরে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে তিনি জানিয়েছিলেন, “বুলেটপ্রুফ গাড়িতে না থাকলে বাঁচতাম না।” সেই ঘটনার পরই অমিত শাহ নিজে ফোনে যোগাযোগ করেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে। এরপর নর্থ ব্লকের শীর্ষ আধিকারিকরা শুভেন্দুর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাসের নির্দেশ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, দীপাবলির আগেই কেন্দ্রীয় বিজ্ঞপ্তি জারি করে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা সংযতভাবে বলেন, “আমি এ নিয়ে কিছু জানি না।”
তবে রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে একের পর এক হামলার ঘটনাই দিল্লিকে ভাবিয়েছে। খগেন-শঙ্কর আক্রান্ত হওয়ার পর শুভেন্দুর নিরাপত্তা আরও কড়া করা—তাই এখন কার্যত সময়ের দাবিই ছিল।
