নিউজ পোল ব্যুরো: দুর্গাপুরের (Durgapur) পরাণগঞ্জে মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সমাজের ভেতরে চেপে থাকা নৃশংসতা ফের একবার নগ্ন হয়ে উঠল, আর তা নিয়ে সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার দিশাহীনতা এবং মেয়েদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়ে দিলেন, বাংলা এখন আর কন্যাসন্তানদের জন্য নিরাপদ নয়।
আরও পড়ুন: Suvendu Issue : বিজেপি মহাশুন্যে যাবে আগামী নির্বাচনে
ঘটনার পরপরই রাজ্যপাল (CV Anand Bose) সোজা দুর্গাপুর (Durgapur) পৌঁছন। হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর সাফ মন্তব্য, “এটা প্রথম নয়, আবারও আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি। বাংলা এক সময় নবজাগরণের পথ দেখিয়েছিল, আজ প্রয়োজন দ্বিতীয় নবজাগরণের।” তিনি বলেন, “এই ঘটনায় আমি কাগজে ছাপা রিপোর্টে ভরসা করিনি। নির্যাতিতার মুখ থেকে শুনেই বুঝেছি আসল সত্য। এই দুঃসহ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
রাজ্যপালের (CV Anand Bose) পর এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “রাজ্য প্রশাসনের গাফিলতিতেই আজ বাংলা মেয়েদের জন্য সবচেয়ে অনিরাপদ জায়গায় পরিণত হয়েছে। পুলিশকে চাপা দেওয়ার নির্দেশ দেয় সরকার, তাই অপরাধীরা বারবার সাহস পায়।” ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি আশ্বাস দিয়েছেন, “এই ঘটনায় যারা জড়িত, তারা কেউ ছাড়া পাবে না। কঠোরতম শাস্তি দেওয়া হবে।” ইতিমধ্যেই ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, ১০ অক্টোবর রাতে ক্যাম্পাস থেকে বন্ধুর সঙ্গে বের হলে ওড়িশার বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শনিবার সকালেই বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই রাজ্যজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজ্যপালের স্পষ্ট বার্তা, “যদি এখনই আমরা না জাগি, ভবিষ্যৎ প্রজন্ম আরও অন্ধকারে হারিয়ে যাবে।” বাংলায় নারীদের নিরাপত্তা এখন যে কতটা সংকটে, তা ফের প্রমাণ করল দুর্গাপুরের এই নির্মম ঘটনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
