Pakistan: ডুরান্ড লাইনে যুদ্ধবিরতি, কাতার-তুরস্কের কূটনৈতিক সাফল্যে শান্তির পথে আফগানিস্তান ও পাকিস্তান

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ডুরান্ড লাইনের উত্তপ্ত পরিস্থিতিতে এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তানের তালিবান সরকার এবং পাকিস্তান (Pakistan)। কাতার (Qatar) ও তুরস্কের মধ্যস্থতায়, দোহায় (Doha) অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে এই ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ।

আরও পড়ুন: Pragya Thakur: “অহিন্দু’র বাড়ি গেলে মেরে পা ভেঙে দিন”, প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত নির্দেশে রাজনৈতিক তোপের ঝড়

রবিবার সকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় দেশ সীমান্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথভাবে উদ্যোগ নেবে। শনিবার রাতে দোহায় হওয়া আলোচনায় উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।

২,৬০০ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড সীমান্ত বরাবর চলমান এই সঙ্ঘাত সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। কাবুলে পাকিস্তানের (Pakistan) বিমান হামলার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সীমান্তে একের পর এক গোলাগুলিতে বহু সাধারণ নাগরিক হতাহত হন। প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার জন্য সংঘর্ষবিরতি ঘোষণা করা হলেও, দোহা বৈঠকের মধ্যেই তা বাড়ানো হয়।

তবে যুদ্ধবিরতির মাঝেও ফের উত্তেজনা ছড়ায়, যখন পাকিস্তানের আক্রমণে আফগানিস্তানে অন্তত আটজনের মৃত্যু হয়, যাদের মধ্যে তিনজন ক্রিকেটারও ছিলেন। এ ঘটনায় তালিবান জানায়, পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।এছাড়া আলোচনায় কূটনৈতিক চাপও বেড়ে যায়, যখন পাক মন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের (Afghanistan) ওপর ভারতের প্রভাব থাকার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, “আফগান সরকার আজ ভারতের নির্দেশে চলছে এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।”

এই সংকটময় মুহূর্তে কাতার ও তুরস্কের কূটনৈতিক উদ্যোগ দুই দেশকে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হয়। যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত আপাতত ডুরান্ড লাইনে স্বস্তি ফিরিয়েছে। তবে শান্তির পথ এখনও দীর্ঘ এবং সুদূরপ্রসারী আলোচনাই তা নিশ্চিত করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole