নিউজ পোল ব্যুরো: দীপাবলি মানেই আলো, রঙ, উৎসব আর আনন্দে ভরা ঘর। এই সময়টায় প্রত্যেকেই চান নিজের ঘরটিকে সাজিয়ে তুলতে নতুন করে। বাজারে এখন রকমারি টুনি বাল্ব, লাইট চেইন, মোমবাতি আর সজ্জার সামগ্রীতে ভরা। কিন্তু আপনি কি জানেন, খুব সহজ উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করা যায় মনকাড়া আলো? সামান্য সৃজনশক্তি আর কিছু ঘরোয়া জিনিস দিয়ে অন্দরসজ্জায় আনতে পারেন বিশেষত্ব।
আরও পড়ুন: Naihati Boro Maa : নৈহাটির বড়মা থেকে রাজ্যের পাঁচ জায়গায় কালীপুজো, একই নিয়মে অনুষ্ঠিত হবে পূজা
বোতলের আলোয় উজ্জ্বল হোক ঘর
পুরনো ওয়াইন, সস বা জুসের বোতল ফেলবেন না। এগুলোই হতে পারে দীপাবলির সজ্জার মূল আকর্ষণ। বোতলের গায়ে অ্যাক্রিলিক বা ফ্যাব্রিক রঙে নিজের পছন্দমতো নকশা এঁকে নিন। রং শুকিয়ে গেলে ভিতরে ঢুকিয়ে দিন ছোট রঙিন টুনি বাল্ব। চাইলে এগুলো ঘরের কোণে সাজিয়ে রাখুন, অথবা ছাদ থেকে ঝুলিয়ে দিন। আলো জ্বাললেই ঘর ভরে উঠবে উষ্ণতা আর রঙে।
উলের দড়িতে বানান ঝুলন্ত বাতি
একটি বেলুন ফুলিয়ে নিয়ে তার চারপাশে পাটের দড়ি বা উলের সুতো জড়িয়ে নিন। আগে অবশ্য বেলুনে একটু আঠা ও জল মিশ্রিত তরল লাগিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে বেলুনটি ফাটিয়ে ফেলুন, আর দেখবেন একটি শক্ত গোল ফাঁপা কাঠামো তৈরি হয়েছে। এবার সেটিতে রঙিন স্প্রে দিন এবং ভিতরে ছোট বাল্ব বসিয়ে ঝুলিয়ে দিন। দেখতে লাগবে দোকান থেকে আনা দামি লাইটের মতোই সুন্দর।
কাপকেক লাইনার দিয়েও বাজিমাত
রঙিন কাপকেক লাইনার বা কাগজের ছোট মোল্ড দিয়ে তৈরি করা যায় অভিনব লাইট সজ্জা। শক্ত কাগজে লাইনারগুলো আঠা দিয়ে লাগিয়ে তার মধ্যে ফুটো করে টুনি বাল্ব বসিয়ে দিন। শিশুদের ঘর, বারান্দা কিংবা ডাইনিং টেবিল—সব জায়গায়ই এমন আলো এনে দেবে উচ্ছ্বাসের আমেজ।
সৃজনশীলতার শেষ নেই
বড় কাচের জারে টুনি বাল্বের গোছা ভরে রাখুন, অথবা জলে রঙিন ফুল আর ভাসমান মোমবাতি রেখে সাজান টেবিল। এমন ছোট ছোট পরিবর্তনেই দীপাবলির ঘর হয়ে উঠবে আরও উজ্জ্বল, আরও প্রাণবন্ত। শুধু রেলিং বা ছাদে নয়, বইয়ের তাক, আয়নার চারপাশ, এমনকি গাছের টবেও সাজিয়ে ফেলুন আলো।
নিজের হাতে বানানো এই আলো শুধু ঘরের সৌন্দর্যই বাড়াবে না, আনবে এক বিশেষ আত্মতৃপ্তি—যে আলোয় ঝলমল করবে পরিশ্রম, ভাবনা আর ভালোবাসার মিশেল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
