নিউজ পোল ব্যুরো:মহারাষ্ট্রে এক তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় গোটা দেশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে এক পুলিশ আধিকারিকের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন ওই চিকিৎসক। শেষ পর্যন্ত প্রবল মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। মৃত্যুর আগে নিজের হাতের তালুতেই লিখে যান সেই নির্যাতনের অভিযোগ ও দায়ীদের নাম।এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এবার বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi on Maharashtra doctor death)। তাঁর বক্তব্য,-“আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে। মহারাষ্ট্রে ওই মহিলা চিকিৎসকের মৃত্যু কোনও সাধারণ আত্মহত্যা নয়, এটি প্রাতিষ্ঠানিক খুন।”
আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/26/bikash-ghosh-bjp-controversy-bongaon-viral-video/
রাহুল তাঁর এক্স পোস্টে লেখেন,-“যখন ক্ষমতায় থাকা মানুষ অপরাধীদের রক্ষা করতে উঠে পড়ে লাগে, তখন ন্যায়বিচারের আশা করা যায় না। মহারাষ্ট্রের এই ঘটনা বিজেপি সরকারের অমানবিক ও অসংবেদনশীল চরিত্র প্রকাশ করেছে। আমরা মৃতার পরিবারের পাশে আছি, ন্যায়বিচারের দাবিতে এই লড়াইয়ে কংগ্রেস তাঁদের সঙ্গে রয়েছে।”
গত বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেন ওই তরুণী চিকিৎসক। তিনি কর্মরত ছিলেন মহারাষ্ট্রের ফল্টন উপজেলা হাসপাতালে। মৃত্যুর আগে তিনি নিজের বাঁ হাতে লেখেন, “আমার মৃত্যুর জন্য দায়ী পুলিশ অফিসার গোপাল বাদনে। তিনি দীর্ঘদিন ধরে আমাকে মানসিকভাবে ও শারীরিকভাবে অত্যাচার করেছেন।”
এই ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, চিকিৎসক মৃত্যুর আগে স্থানীয় ডিএসপির কাছেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন তিনজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা নিয়মিতভাবে তাঁকে হেনস্তা ও মানসিক চাপ দিচ্ছিলেন। সেই অভিযোগের এক মাসের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ইতিমধ্যেই মূল অভিযুক্ত সাব-ইন্সপেক্টর গোপাল বাদনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রাজনৈতিক মহলে রাহুলের (Rahul Gandhi on Maharashtra doctor death) মন্তব্য নিয়ে নতুন করে শুরু হয়েছে তরজা। কংগ্রেসের দাবি, বিজেপি সরকার প্রশাসনিক স্তরে নারী সুরক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের বক্তব্য, “রাহুল গান্ধী প্রতিটি ঘটনাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তদন্তে সত্য প্রকাশ পাবে।”
তবে একথা বলাই যায়, এক তরুণী চিকিৎসকের এই মৃত্যু ফের প্রশ্ন তুলেছে প্রশাসনের ভূমিকা ও মহারাষ্ট্র সরকারের সংবেদনশীলতা নিয়ে।দেশজুড়ে এখন একটাই দাবি— ন্যায়বিচার হোক, সত্য সামনে আসুক।
