Prashant Kishor: বিহার থেকে বাংলা, দুই রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোর! ঘনীভূত হচ্ছে বিতর্ক

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক অঙ্গনে ফের নতুন কৌতূহল। বিহার ও পশ্চিমবঙ্গ দুই রাজ্যের ভোটার তালিকাতেই নাম উঠেছে ভোটকৌশলী থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। এই দ্বৈত পরিচয়কে কেন্দ্র করেই এখন সরগরম রাজনৈতিক ময়দান।

নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ১২১, কালীঘাট রোড, কলকাতা, যা তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য কার্যালয়। ভোটকেন্দ্র হিসেবে ধরা হয়েছে বি. রানি শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল। অন্যদিকে বিহারে তার নাম রয়েছে রোহতাস জেলার কারগাহার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়, যার আওতায় পড়ছে সাসারাম লোকসভা কেন্দ্র। সেখানকার ভোটকেন্দ্র হিসেবে উল্লিখিত কোনার মধ্য বিদ্যালয়।

আরও পড়ুন: Suvendu Adhikari: রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত! SIR-এর আবহে শুভেন্দুর মন্তব্যে ফের চড়ছে রাজনৈতিক পারদ

এই দ্বৈত তালিকাভুক্তি সামনে আসতেই প্রশ্ন উঠেছে, কৌশলী না কি কৌশল?

নির্বাচনী আইনে একাধিক রাজ্যে নাম থাকা বেআইনি, তবুও কীভাবে এমন ঘটল তা নিয়েই উঠছে নানা জল্পনা। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি প্রশান্ত কিশোর নিজে।

তবে তার দল ‘জন সুরজ পার্টি’র এক প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “প্রশান্তজী বিহারের কারগাহার কেন্দ্রে নাম অন্তর্ভুক্ত হওয়ার পর পশ্চিমবঙ্গের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছিলেন। তবে সেই আবেদন গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নই।”

উল্লেখ্য, জন সুরজ পার্টি এ বছর বিহারের ২৪৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথমে জল্পনা ছিল, প্রশান্ত নিজেই কারগাহার থেকে ভোটে নামবেন। পরে তিনি জানান, রাঘোপুর থেকে তেজস্বী যাদবের বিরুদ্ধে লড়তে পারেন। শেষ পর্যন্ত অবশ্য তিনি জানিয়ে দেন, তিনি এবার কোনও আসন থেকেই ভোটে দাঁড়াচ্ছেন না। প্রশান্তের বক্তব্য, “আমার লক্ষ্য এখন দলের জনসমর্থন বৃদ্ধি এবং প্রার্থীদের জয়ের নিশ্চয়তা দেওয়া। ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়, সংগঠনই অগ্রাধিকার।” এর আগে এমন ঘটনা ঘটেছিল বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিংহ এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের ক্ষেত্রেও তাদের নামও একইসঙ্গে একাধিক কেন্দ্রে দেখা গিয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, ভোটকৌশলী হিসেবে একাধিক রাজ্যে প্রভাব বিস্তার করা প্রশান্ত কিশোর কি এবার নিজের কৌশলেই জড়িয়ে পড়ছেন? নাকি এটি নিছক প্রশাসনিক ভুল? উত্তর যা-ই হোক, রাজনৈতিক মহলে তাপমাত্রা এখন ক্রমশ ঊর্ধ্বমুখী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole