Raj Chakraborty: “মিঠুন চক্রবর্তীকে কেউ মুডি বলতেই পারে না!” — অভিজ্ঞতার কথা জানালেন পরিচালক রাজ চক্রবর্তী

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বিগত কয়েক দশক ধরে বাংলা ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করে চলেছেন মিঠুন চক্রবর্তী। ‘মৃগয়া’ থেকে শুরু করে ‘কাবুলিওয়ালা’—অভিনয়ের জগতে তাঁর উপস্থিতি আজও অনবদ্য। ৭৫ বছর বয়সেও কাজের প্রতি মিঠুনের (Mithun Chakraborty) উৎসাহ ও পেশাদারিত্ব দেখে নতুন প্রজন্মের শিল্পীরাও মুগ্ধ। কিন্তু প্রশ্ন থেকে যায়—মিঠুন কি খুব রাগী নাকি তাঁর সঙ্গে কাজ করা কঠিন?

আরও পড়ুন: Dharmendra: হঠাৎ শ্বাসকষ্ট, আইসিইউ-তে ভর্তি হয়েও এখন স্থিতিশীল বর্ষীয়ান ধ্রুবতারা ধর্মেন্দ্র

এই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সন্তান’ ছবিতে মিঠুন (Mithun Chakraborty), শুভশ্রী এবং ঋত্বিকের সঙ্গে কাজ করেছিলেন রাজ। সম্প্রতি আনন্দলোককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন।

রাজ বলেন, “যখন আপনি মিঠুনদার মতো বড় একজন অভিনেতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন, তখন প্রস্তুতি নিয়ে যেতেই হয়। কারণ, আপনি যদি ফ্লোরে বিভ্রান্ত থাকেন, উনি সেটা মুহূর্তেই বুঝে ফেলবেন। উনি টেকনিক্যালি ভীষণ শক্তিশালী অভিনেতা।”

মিঠুনের অভিনয় নিয়ে রাজ বলেন, “উনি ওয়ান টেক অ্যাক্টর। একবারেই নিখুঁত টেক দেন। আপনি যদি আবার টেক নিতে চান, তাহলে স্পষ্টভাবে কারণ বোঝাতে হবে কেন সেটা দরকার। না হলে উনি রাজি হবেন না। এটা কোনো অহংকার নয়—এটা ওঁর আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার ফল।”

তবে পরিচালক জানান, এখনকার সময়ে প্রযুক্তিগত কারণে একটা দৃশ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হয়। কিন্তু মিঠুনদা সেই প্রচলিত নিয়মে খুব একটা যান না। রাজের ভাষায়, “উনি শট দেওয়ার আগে জানেন তাঁর অংশটুকু কী, বাকিটা আমাদের ওপর ছেড়ে দেন। ওনার সেই আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

সবশেষে মিঠুনের ব্যক্তিত্ব নিয়ে রাজ বলেন, “আমি একদিনও ওঁকে রেগে যেতে দেখিনি। ফ্লোরে ওঁর উপস্থিতি মানেই ইতিবাচকতা। কাজ শেষ হলেও উনি ফ্লোরে থেকে যান, অন্য অভিনেতা যখন অভিনয় করেন, তখনও একই আবেগে পাশে দাঁড়ান। এটাই মিঠুনদার বড়ত্ব।”

রাজের কথায়, “ওঁর মধ্যে কোনো মুডি মনোভাব নেই। বরং উনি একদম পেশাদার এবং সহানুভূতিশীল। এই মানুষটাকে ‘রাগী’ বা ‘অসহযোগী’ বলা অন্যায় হবে। উনি যেমন অভিনেতা, তেমনই একজন অসাধারণ মানুষ।”

৭৫ বছর বয়সেও কাজের প্রতি মিঠুন চক্রবর্তীর দায়বদ্ধতা, অনুশাসন ও সহঅভিনেতাদের প্রতি শ্রদ্ধা আজও তাঁকে ইন্ডাস্ট্রির এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে আলাদা করে রেখেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole