নিউজ পোল ব্যুরো: শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার, ২৮ অক্টোবর, নন্দনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’।
আরও পড়ুন: Dharmendra: হঠাৎ শ্বাসকষ্ট, আইসিইউ-তে ভর্তি হয়েও এখন স্থিতিশীল বর্ষীয়ান ধ্রুবতারা ধর্মেন্দ্র
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, গায়ক ইন্দ্রনীল সেন, শান্তনু বসু, জুন মালিয়া, পরিচালক ঘটনার চক্রবর্তী এবং পোল্যান্ডের প্রতিনিধি জয়দীপ রায়। প্রসেনজিৎ ও কোয়েলের হাত ধরেই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
চলতি বছরে উৎসবের ট্যাগলাইন রাখা হয়েছে ‘চলচ্চিত্র মেলায় দৃশ্য’, যা বাংলার সিনেমার প্রতি আবেগ এবং বৈচিত্র্যকে তুলে ধরবে। এবারের উৎসবে বিশেষ ফোকাস থাকবে পোল্যান্ডের সিনেমার উপর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, আর সঞ্চালনার দায়িত্বে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জুন মালিয়া।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলিউডের কিংবদন্তি রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা এবং শর্মিলা ঠাকুর। পাশাপাশি শ্রদ্ধা জানানো হবে ভারতীয় সিনেমার কয়েকজন মহারথীকে—ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সলিল চৌধুরী এবং সন্তোষ দত্তকে।
এবারের চলচ্চিত্র উৎসবে (KIFF) বিশেষ সম্মান জানানো হবে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্যাম বেনেগাল, অরুণ রায়, রাজা মিত্র, শশী আনন্দ এবং আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চকে।
এই বছর মোট ১৮৫টি ফিচার ফিল্ম, ৩৫টি ডকুমেন্টারি এবং ৩০টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে। উৎসব কর্তৃপক্ষের জানানো তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ১,৮২৭টি সিনেমা জমা পড়েছিল, যার মধ্য থেকে নির্বাচিত হয়েছে ১৮টি ভারতীয় ভাষার ছবি এবং ৩৯টি দেশের ২১৫টি সিনেমা।
প্রতি বছরের মতো এই বছরেও থাকবে জনপ্রিয় বিভাগ ‘সিনে আড্ডা’, যেখানে চলচ্চিত্রের সঙ্গীত, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত, পাশ্চাত্য প্রভাবিত সুর এবং রাগাশ্রয়ী গানের নানা দিক নিয়ে আলোচনা হবে। একতারা মঞ্চে ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আড্ডার আসর।
এ বছর উৎসবের আরেকটি বিশেষ আকর্ষণ—‘শোলে’ ছবির ৫০তম বর্ষপূর্তি উদযাপন। পাশাপাশি দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’, ঋত্বিক ঘটকের ‘কোমল গান্ধার’, ‘বাড়ি থেকে পালিয়ে’ এবং ‘সুবর্ণরেখা’—যা নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের জন্য হয়ে উঠবে স্মরণীয় অভিজ্ঞতা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
