Narendra Modi Bihar Rally:“পাকিস্তান আর কংগ্রেস কেউই এখনও ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কা সামলাতে পারেনি”—বিহারের সভা থেকে তীব্র আক্রমণ মোদীর

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:বিহারের বিধানসভা নির্বাচন ঘিরে ফের চড়ছে রাজনৈতিক পারদ। আর সেই প্রেক্ষাপটেই রবিবার আরাতে জনসভা থেকে কংগ্রেস এবং তার জোটসঙ্গীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Bihar Rally)। একদিকে গান্ধী পরিবারকে আক্রমণ, অন্যদিকে কংগ্রেসকে পাকিস্তানের সঙ্গে একই আসনে বসিয়ে কটাক্ষ—প্রধানমন্ত্রীর বক্তব্যে দিনভর সরগরম রাজনৈতিক মহল।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/02/delhi-cloud-seeding-scam-double-engine-government/

মোদী বলেন, “যখন পাকিস্তানে বিস্ফোরণ হচ্ছিল, তখন কংগ্রেসের ‘রাজপরিবার’-এর ঘুম উড়ে গিয়েছিল। আজও পাকিস্তান এবং কংগ্রেসের নামদাররা ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কা থেকে সেরে উঠতে পারেনি।” তাঁর ইঙ্গিত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সামরিক সাফল্যকে কংগ্রেস কখনওই মেনে নিতে পারেনি।

প্রধানমন্ত্রী (Narendra Modi Bihar Rally) আরও দাবি করেন, এটি তাঁর সরকারের দেওয়া “মোদীর গ্যারান্টি” ছিল যে ৩৭০ ধারা বিলোপ করা হবে। তাঁর কথায়, “জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ সংযুক্তিকরণ আমাদের অঙ্গীকার ছিল। ভারতের সংবিধানের মাধ্যমেই আমরা তা করেছি। এটি শুধু রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি ভারতের সার্বভৌম মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সন্ত্রাসবাদীদের তাদের মাটিতেই পরাজিত করব। অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আজ গোটা দেশ গর্বিত। কিন্তু যারা দেশের নিরাপত্তাকে ভোটের রাজনীতির চোখে দেখে, তারা এই গর্ব ভাগ করে নিতে পারে না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিহারে কংগ্রেস ও আরজেডির জোট নিয়েও মোদী তোপ দাগেন। তাঁর অভিযোগ, এই জোটের ভিতেই ভাঙন লেগে আছে। কংগ্রেস কখনও তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত আরজেডির চাপের মুখে সেই ঘোষণা করতে বাধ্য হয়েছে। মোদীর ভাষায়, “আরজেডি কংগ্রেসের দিকে বন্দুক তাক করে মুখ্যমন্ত্রী পদ ছিনিয়ে নিয়েছে, নিশ্চিত করেছে যে তাদের প্রার্থীই মুখ্যমন্ত্রী হবেন।”

সভায় মোদী আরও বলেন, “এই জোট আসলে একে অপরের বিরুদ্ধে। নির্বাচনের আগে এদের মধ্যে এত বিবাদ, নির্বাচনের পরে এরা কিভাবে একসঙ্গে চলবে? তাদের ইশতেহারে কংগ্রেসের দাবিগুলি উপেক্ষিত। যারা নিজেরাই একমত হতে পারে না, তারা রাজ্য চালাবে কিভাবে? এদের উপর মানুষ ভরসা করতে পারবে না।”

মোদীর বক্তব্যে বিহারের নির্বাচনী মঞ্চে কার্যত স্পষ্ট হয়ে গেল—বিজেপি এবারের লড়াইকে শুধু উন্নয়ন নয়, জাতীয় নিরাপত্তা ও দেশপ্রেমের প্রশ্নে কেন্দ্র করে তুলতে চায়। ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে তিনি কংগ্রেস ও পাকিস্তানের মধ্যে সমান্তরাল টেনে জাতীয়তাবাদের বার্তা দিতে চাইলেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদীর এই ভাষণ শুধু কংগ্রেসকে আক্রমণ নয়, বরং বিহারে বিজেপির ভোটব্যাঙ্ককে আরও মজবুত করার এক কৌশল। রাজনীতির ময়দানে জাতীয়তাবাদের আবেগে তিনি ফের আগুন জ্বালাতে চাইলেন—যার লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচন।