Tota Roy Chowdhury: ‘রান্নাবাটি’ দেখে মুগ্ধ টোটা! ঋত্বিক-সোহিনীর প্রশংসায় পঞ্চমুখ, ইদার অভিনয়ে চমক অভিনেতার

পেজ 3

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে প্রতিম ডি. গুপ্ত পরিচালিত নতুন বাংলা ছবি ‘রান্নাবাটি’। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও শোলাঙ্কি রায়। রিলিজের পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে এই সিনেমা। এবার ছবিটি দেখে আপ্লুত হলেন টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)।

আরও পড়ুন:Richa Ghosh Felicitation : রিচাকে বঙ্গভূষণ এবং ডিএসপি পদে চাকরি দিল সরকার

শনিবার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে নিজের অভিব্যক্তি শেয়ার করেন অভিনেতা। পোস্টের শুরুতেই তিনি লেখেন, “সাধারণত আমি কোনও ছবি নিয়ে লিখি না, বিশেষ করে সেই পরিচালকের ছবি নিয়ে, যাঁর সঙ্গে কাজ করেছি বা করছি। কারণ দর্শক আমাকে সেক্ষেত্রে পক্ষপাতদোষে দুষ্ট ভাবতে পারেন। কিন্তু ‘রান্নাবাটি’ দেখার পর কয়েকটি কথা না লিখে পারলাম না। প্রায় বারো ঘণ্টা কেটে গিয়েছে, তবুও ছবির মিষ্টি ভালো লাগার আবেশ এখনো মন ভরিয়ে রেখেছে।”

এরপর টোটা প্রশংসায় ভরিয়ে দেন পরিচালক **প্রতিম ডি. গুপ্তকে**। তাঁর কথায়, “প্রতিম শুধু অসাধারণ পরিচালক নন, তিনি নিজেও এক উচ্চমার্গীয় খাদ্যরসিক। বাঙালির প্রিয় দুই বিষয়—খাবার আর সিনেমা—এর মেলবন্ধন ওঁর কাজে সবসময় দেখা যায়। আগেও ‘মাছের ঝোল’-এর মতো ছবিতে তিনি তা প্রমাণ করেছেন। এবার ‘রান্নাবাটি’-তেও রান্নাকে সম্পর্কের সেতুবন্ধনে রূপান্তর করেছেন মুনশিয়ানার সঙ্গে। এক কথায়, ব্রিলিয়ান্ট।”

শুধু পরিচালক নন, ছবির অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন টোটা (Tota Roy Chowdhury)। তাঁর ভাষায়, “অভিনয়ে ঋত্বিক ও সোহিনী যেন এক সুমধুর সিম্ফনি। আমাদের ইন্ডাস্ট্রির গর্ব তাঁরা। শোলাঙ্কির স্নিগ্ধ উপস্থিতি মন ভরিয়ে দেয়, বরুণদা পর্দায় এলেই নজর কেড়ে নেন। সায়নের অভিনয় অনবদ্য, রোজা দে ছোট ভূমিকাতেও দারুণ ছাপ রেখেছেন।”

তবে টোটার বিশেষ উল্লেখ ছিল এক নতুন মুখের—বিদীপ্তা চক্রবর্তীর মেয়ে ইদা। তিনি লেখেন, “ঋত্বিকের মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে এমন স্বাভাবিক অভিনয় করা সহজ নয়। কিন্তু এই কিশোরী যে কতটা প্রতিভাবান, তা না দেখলে বিশ্বাস করা যায় না।”

ছবির কারিগরি দিক নিয়েও প্রশংসা করতে ভোলেননি টোটা। তিনি লিখেছেন, “তূর্যের ক্যামেরার কাজ, সংলাপের এডিটিং, রণজয়ের সঙ্গীত এবং আনন্দের প্রোডাকশন ডিজাইন ছবিটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর নন্দী ফিল্মস ও প্রদীপবাবুকে ধন্যবাদ জানাই—এমন শিক্ষিত অথচ স্নিগ্ধ বাঙালিয়ানা ভরা ছবি প্রযোজনা করার জন্য।”

পোস্টের শেষে অভিনেতা দর্শকদের উদ্দেশে বলেন, “পরিবারের সবাইকে নিয়ে এই ছবিটি একসঙ্গে দেখে ফেলুন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। সবশেষে বলতেই হয়—ডিরেক্টর সাহেব, ফাটিয়ে দিয়েছেন আপনি!’’

‘রান্নাবাটি’ শুধু খাদ্যরসের গল্প নয়, বরং সম্পর্কের রন্ধনশৈলীও—যা মন ছুঁয়েছে অভিনেতা টোটা রায় চৌধুরীরও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole