নিউজ পোল ব্যুরো:আগামী ১ ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament)। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের প্রস্তাবে সায় দিয়ে অধিবেশনের অনুমোদন দিয়েছেন। অধিবেশন চলবে ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/09/orbital-atherectomy-improves-angioplasty-success-rate/
রিজিজুর বক্তব্য, “এবারের অধিবেশন গঠনমূলক ও অর্থবহ হবে বলে আমরা আশা রাখছি, যা আমাদের গণতন্ত্র ও জনসাধারণের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।”
তবে এবারের সময়সীমা নিয়েই উঠেছে প্রশ্ন। সাধারণত নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হয় শীত অধিবেশন, যা প্রায় এক মাস ধরে চলে। কিন্তু এবছর মাত্র ১৯ দিনের অধিবেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীরা। তাঁদের অভিযোগ—সরকার ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে নজর ঘোরাতে চাইছে।
বিরোধী শিবিরের দাবি, দেশজুড়ে অপশাসন, ভোটচুরি এবং SIR ইস্যুতে এখন চাপে কেন্দ্র। তাই সংসদীয় কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে সরকারি সূত্রে খবর, বিহারের নির্বাচনী ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবেন। তাই ডিসেম্বরের শুরুতেই অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনৈতিক মহলে ধারণা, এবারের শীত অধিবেশন (Winter Session of Parliament) হবে অত্যন্ত তপ্ত ও সংঘাতময়। একদিকে SIR বিতর্ক ও রাহুল গান্ধীর ভোটচুরির অভিযোগ, অন্যদিকে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল—সব মিলিয়ে রাজনীতির পারদ চড়বেই।
১৪ নভেম্বর বিহারের ফল প্রকাশের পর অনেকটাই বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ। যদি আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হন, তা হলে বিজেপি-জেডিইউ জোটের জন্য বড় ধাক্কা হবে। আর যদি এনডিএ ফের ক্ষমতায় আসে, তবুও বিরোধীরা ভোটচুরির অভিযোগে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করবে।সব মিলিয়ে, শীত অধিবেশন শুরু হওয়ার আগেই দিল্লির রাজনীতি গরম, সংসদে উত্তাপ ছড়াতে প্রস্তুত শাসক ও বিরোধী দুই শিবিরই।
