নিউজ পোল ব্যুরো: অসমের (Assam) মন্ত্রিসভায় বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে পাশ হয়েছে বহুবিবাহ প্রতিরোধ বিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma) সরকারের নেতৃত্বে এই বিলটি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, একাধিক বিবাহের অভিযোগে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হবে। শুধুমাত্র ব্যক্তিগত বিবাহ নয়, এমনকি সরকারি নথিপত্রে বৈধ না হলে নতুন বিবাহও বেআইনি গণ্য হবে।
আরও পড়ুন: Jammu and Kashmir: ফরিদাবাদে নাশকতার ছক ভেঙে দিল নিরাপত্তা বাহিনী, উদ্ধার ৩০০ কেজি আরডিএক্স ও একে-৪৭
হিমন্তের দৃষ্টিকোণ অনুযায়ী, বহুবিবাহের ফলে বহু মহিলা অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তাদের পুনর্বাসনের জন্য আলাদা তহবিল গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলটিতে এমনও বলা হয়েছে যে, বহুবিবাহে জড়িত থাকা সরকারি কর্মকর্তা, ধর্মগুরু বা অন্য সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে। তবে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। তফসিলি জাতি এবং অসমের (Assam) ষষ্ঠ তফসিলের অন্তর্গত এলাকা বড়োল্যান্ড, ডিমা হাসাও ও কারবি আংলং এরা এই আইনবিধির আওতায় পড়বেন না। এই পদক্ষেপে মুখ্যমন্ত্রী হিমন্তের লক্ষ্য হচ্ছে অসমের সামাজিক ভারসাম্য রক্ষা করা এবং মহিলাদের অধিকার সুরক্ষিত রাখা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন বছরের আগে এই বিল পাশ হওয়া হিমন্ত সরকারের জন্য একটি মাস্টারস্ট্রোক। বহুবিবাহের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য তহবিল নিশ্চিত করা, সরকারের সামাজিক নীতি ও প্রচারের দিক থেকেও রাজনৈতিক সুবিধা আনবে।
অসমের (Assam) মন্ত্রিসভায় এই বিলের পাশের পর, আগামী মাসের ২৫ তারিখে এটি বিধানসভায় পেশ করা হবে। বিশ্লেষকদের মতে, হিমন্ত সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র আইনগত নয়, রাজনৈতিকভাবে রাজ্যের ভোট পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ফলে বহুবিবাহের বিরুদ্ধে এই পদক্ষেপকে অনেকেই অসমের নির্বাচনী রাজনীতিতে নতুন কৌশল হিসেবে দেখছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
